Saturday, July 25, 2026
Homeবাংলাদেশঝিনাইদহ সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বাধা বিজিবির

ঝিনাইদহ সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বাধা বিজিবির

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চার পুরুষ ও দুই নারীকে জোর করে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে মহেশপুর সীমান্তের সামান্তা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফের ৫৯ ব্যাটালিয়নের আওতাধীন সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা আজ ভোরে মহেশপুর উপজেলার সামান্তা বিওপির ৫৫ নম্বর মেইন পিলারের (এমপি) পাশের একটি গেট দিয়ে ওই ছয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন।

তবে ওই ব্যক্তিরা বাংলাদেশে ঢোকার আগেই সামান্তা বিওপির টহল দল বিষয়টি টের পায়। টহল দল তাৎক্ষণিকভাবে তাদের প্রবেশে বাধা দেয়। বর্তমানে ওই ছয় ব্যক্তি শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভেতরে ভারতের ভূখণ্ডেই অবস্থান করছেন। বিষয়টি ইতিমধ্যে বিএসএফকে জানানো হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) কমান্ডিং অফিসার (সিও) মো. রফিকুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Most Popular