Monday, July 27, 2026
Homeবাংলাদেশবিয়ের ৩ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের

বিয়ের ৩ দিনের মাথায় সড়কে প্রাণ গেল তরুণের

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার সেনবাগ উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণ মো. আল আমিন (২৮) ওই উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে। তিনি ছাতারপাইয়া বাজারে বাবা ও ভাইয়ের সঙ্গে নিজেদের ফার্মেসি ব্যবসা সামলাতেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার পারিবারিকভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে আল আমিনের বিয়ে সম্পন্ন হয়। গতকাল রাতে সোনাইমুড়ী থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আল আমিন।

কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আশপাশের লোকজন উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Most Popular