Thursday, July 16, 2026
Homeবাংলাদেশচট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি লবণ কারখানায় আগুনে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। 

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন— দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাস (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নুর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহমুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো আলাউদ্দিন জানান, দগ্ধরা তাদের জানিয়েছেন, কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, দগ্ধ ১০ শ্রমিককে চিকিৎসার জন্য দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন বলেও জানান তিনি।

Most Popular