Wednesday, July 15, 2026
Homeখেলাফ্রান্সের সামনে ছিল বিশ্বের সেরা দল, এটাই পার্থক্য: দে লা ফুয়েন্তে

ফ্রান্সের সামনে ছিল বিশ্বের সেরা দল, এটাই পার্থক্য: দে লা ফুয়েন্তে

তারকাখচিত ফ্রান্সকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে স্পেন। নিজেদের কৌশলে পুরোপুরি সফল হয়ে শক্তিশালী প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি তারা। শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখার পর লা রোহাদের কোচ লুইস দে লা ফুয়েন্তের তার শিষ্যদের বিশ্বের সেরা দল হিসেবে আখ্যায়িত করেছেন।

ডালাসে মঙ্গলবার রাতে এবারের আসরের প্রথম সেমিফাইনালে ধরাশায়ী হয়েছে ছন্নছাড়া দিদিয়ের দেশমের দল। তাদেরকে অনায়াসে ২-০ গোলে হারিয়ে দিয়েছে স্পেন। প্রথমার্ধে সফল পেনাল্টি থেকে মিকেল ওইয়ারজাবালের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান পেদ্রো পোরো।

শুরু থেকেই স্পেনকে টুর্নামেন্টের সেরা দল বলে আসছিলেন দে লা ফুয়েন্তে। আগামী রোববার রাতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করার পর ভীষণ গর্বে উজ্জ্বল ছিল তার চোখ। তিনি যে ছক কষেছিলেন, তাতে পুরোপুরি ফাঁদে আটকে পড়া ফ্রান্স খুঁজে পায়নি কোনো জবাব। তার অধীনেই স্পেন ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল। আর এই নিয়ে টানা তিন বছরে তিনটি টুর্নামেন্টের সেমিফাইনালে তারা ফ্রান্সকে হারাল।

ম্যাচশেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ২০২২ সালে স্পেনের দায়িত্ব নেওয়া দে লা ফুয়েন্তে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা প্রায় চার বছর আগে একটি পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আমরা সেই পরিকল্পনার প্রতি অবিচল থেকেছি এবং আজ তা আমাদের এখানে (ফাইনালে) নিয়ে এসেছে।’

সেমিফাইনাল পর্যন্ত গোলবন্যা বইয়ে দিয়ে টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবেই মাঠে নামে ফ্রান্স। কিন্তু নিখুঁত ছক কষে তাদের আক্রমণভাগকে পুরোপুরি অচল করে দেয় স্পেন। ফ্রান্সকে সমীহ করার পাশাপাশি নিজেদের সেরা দল উল্লেখ করে দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘আজ আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দলটি। এটাই পার্থক্য।’

বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল স্পেন। এর আগে একবারই তারা শিরোপা নির্ধারিত মঞ্চে জায়গা করে নিয়েছিল ১৬ বছর আগে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেবার অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে দলটি হয়েছিল চ্যাম্পিয়ন। 

২০১০ সালের পর ফের ফাইনালে ওঠা নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘এই খেলোয়াড়রা সবকিছু পাওয়ার যোগ্য। প্রতিদিন তারা তাদের প্রতিশ্রুতি, ঐক্য, উদারতা ও প্রতিভার প্রমাণ দিয়েছে। তারা কঠিন কাজগুলোকে সহজ করে ফেলে।’

Most Popular