Saturday, July 11, 2026
Homeখেলা‘যারা ভেবেছিলো বয়স হলে মেসির ধার কমে যাবে, তারা ওকে চেনেই না’

‘যারা ভেবেছিলো বয়স হলে মেসির ধার কমে যাবে, তারা ওকে চেনেই না’

গত মাসেই ৩৯ পূর্ণ করে ৪০ বছরে পা দিলেন লিওনেল মেসি। বেশিরভাগ ফুটবলার যখন এই বয়সে অবসর নিয়ে কোচিং কিংবা ধারাভাষ্য প্যানেলে যোগ দেন, মেসি তখনো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ মাতিয়ে চলেছেন। কিলিয়ান এমবাপে কিংবা আর্লিং হালান্ডের মতো সময়ের সবচেয়ে বড় তারকাদের সাথে পাল্লা দিয়ে গোল করে চলেছেন এখনো। লিওনেল স্কালোনি অবশ্য এতে বিন্দুমাত্র অবাক নন। বরং মেসির জন্য এটিই স্বাভাবিক মনে করছেন তিনি। 

সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কানসাসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন স্কালোনি। সেখানেই মেসিকে আবারও প্রশংসায় ভাসিয়েছেন, সাথে মেসিকে নিয়ে যাদের মনে সন্দেহ ছিল, তাদের সমালোচনাও করেছেন। 

স্কালোনি বলেছেন, ‘মেসির এমন ফর্ম আমাকে একটুও অবাক করেনি। কিছু মানুষ হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে সে হয়তো এই মানের ফুটবল খেলতে পারবে না, তারা মেসিকে চেনেই না। জানি না এখন পর্যন্ত কতবার আমি এটা বলেছি, মেসি যতদিন খেলা চালিয়ে যাবে, সে-ই বিশ্বের সেরা ফুটবলার থাকবে। আমি তাঁর কোচ বলে এমনটা বলছি না। আমি এটা বিশ্বাস করি’। 

বিশ্বকাপের আগে পেশিতে টান পড়ায় মেসির ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে বিশ্বকাপে ফিট হয়েই দলের ভার বহন করছেন অধিনায়ক মেসি। স্কালোনি জানিয়েছেন, টুর্নামেন্টকে সামনে রেখে ফিটনেস কোচের সাথে আলাদাভাবে কাজ করেছেন মেসি, ‘সে প্রতি ম্যাচে মোটামুটি একই রকম দৌড়ায়। শারীরিকভাবে সেরা অবস্থায় থাকতে টুর্নামেন্টের আগে সে তাঁর ফিটনেস কোচের সাথে আলাদাভাবে কাজ করেছে, এবং সেটা কাজে দিয়েছে’। 

বছরের পর বছর একই রকম পারফরম্যান্স দিয়ে যাওয়া মেসিকে যন্ত্রের সাথেও তুলনা করেছেন স্কালোনি, ‘পরিসংখ্যানগত দিক থেকে কোনো পরিবর্তন এসেছে কি না তা আমার জানা নেই। তবে এটুকু পরিষ্কার যে মেসি নিজের সর্বোচ্চটাই দিচ্ছে। যখন মাঠে সে নিজের পুরোটা উজাড় করে দেয় এবং টের পায় সে প্রতিপক্ষের জন্য আতঙ্ক তৈরি করার মতো অবস্থায় আছে, তখন তাঁকে আমার যন্ত্র বলে মনে হয়’। 

  

Most Popular