Thursday, July 9, 2026
Homeবিনোদনফুলের মালা দিলেন মিশা সওদাগর, আর যা হলো চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ...

ফুলের মালা দিলেন মিশা সওদাগর, আর যা হলো চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার রাতে বিএফডিসি’র আট নম্বর ফ্লোরে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শপথ বাক্য পাঠ করান বিগত কমিটির সাধারণ সম্পাদক মিশা সওদাগর। তার আগে নতুন কমিটির সবাইকে ফুলের মালা পরিয়ে দেন তিনি।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তারা।

বিদায়ী সাধারণ সম্পাদক মিশা সওদাগর বলেন, ‘শিবা সানু আমার ভাই, জয় আমার সন্তানের মতো। আমি আশা করি তাদের নেতৃত্বে আগামী দিনে চমৎকার এবং গতিশীল একটি নেতৃত্ব পাবে। তারা আজকে পরাজিত সভাপতি প্রার্থী আরমান ভাইকে শপথ অনুষ্ঠানে আনতে পেরেছে এটা তাদের প্রথম অর্জন। কমিটিতে যারা আছেন নিয়মিত সভায় উপস্থিত থাকবেন এটা আশা করছি।’

শিল্পী সমিতির নব-নির্বাচিত সভাপতি শিবা শানু বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার পর আমরা আবার সবাই এক। আমরা চাই সবাইকে নিয়ে শিল্পী সমিতিকে এগিয়ে নিতে। ভোটের আগে যেমন বলেছিলাম যেসব শিল্পী এখন বসে আছেন কোনো কাজ পাচ্ছেন না। তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করব। যার বিজয়ী হয়েছেন আর যারা পরাজিত হয়েছেন সবাইকে নিয়েই শিল্পী সমিতির মর্যাদা, পেশাদারিত্ব ও উন্নয়ন ঘটাতে চাই। শিল্পীদের জন্য কাজ করার জন্যই এখানে এসেছি।’

অনুষ্ঠানে অভিনয়শিল্পী, প্রযোজক, শিল্পী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পরিচালক কাজী হায়াত, ছটকু আহমেদ, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, অভিনেতা হেলাল খানসহ অনেকেই।

গত ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হন। 

নির্বাচিত সভাপতি শিবা শানু এবং সেক্রেটারি জয় চৌধুরী ছাড়াও কমিটিতে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ইলিয়াস কোবরা, ডিএ তায়েব।

সহসাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক মারুফ আকিব, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।

Most Popular