Wednesday, July 8, 2026
Homeবাংলাদেশচট্টগ্রামে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

চট্টগ্রামে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা নিহত হয়েছেন।

নিহত ফাইয়াজ তাজরিয়ান (২৮) এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে লালখান বাজার মোড় দিয়ে ফ্লাইওভারে ওঠেন ফাইয়াজ। এ সময় তার মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়েছিল এবং সেটি মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এসআই কামাল আরও জানান, দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তিনি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক রিদওয়ান হৃদয় বলেন, দুর্ঘটনার আগে ফাইয়াজ দিনভর দলের নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। সন্ধ্যায় তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দলের একটি কর্মসূচিতেও অংশ নেন।

তিনি বলেন, এমন একটা ঘটনা ঘটেছে, এখনও বিশ্বাস করতে পারছি না। আমরা সবাই শোকাহত।

 

 

Most Popular