Wednesday, July 8, 2026
Homeবাংলাদেশকুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, যুবক নিহত

কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, যুবক নিহত

আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে কুমিল্লায় মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস দ্য ডেইলি স্টারকে বলেন, মঙ্গলবার রাতে একটি চায়ের দোকানে আর্জেন্টিনা বনাম মিশরের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

তিনি বলেন, ম্যাচে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুজন শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুল ইসলামকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে এমন ঘটনা কাম্য নয়। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোনো হত্যা মামলাও দায়ের হয়নি।

 

 

 

Most Popular