Tuesday, July 7, 2026
Homeবিদেশভেনেজুয়েলায় ২৪ জুনের ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৫৩৫

ভেনেজুয়েলায় ২৪ জুনের ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৫৩৫

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী দুই ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

ভূমিকম্পে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা এলাকার বহু ভবন মাটির সাথে মিশে গেছে এবং কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি বলা হয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। আর গৃহহীন হয়ে পড়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।

ধ্বংসস্তূপের পাহাড়ের নিচে চাপা পড়ে থাকা নিখোঁজ ব্যক্তিদের কোনো সঠিক সংখ্যা সরকার জানায়নি, তবে জাতিসংঘের অনুমান অনুযায়ী, নিখোঁজের সংখ্যা প্রায় ৫০ হাজার।

ভূমিকম্পে বেঁচে যাওয়া অনেক মানুষ রাস্তায়, পাবলিক পার্কে বা গাড়ি পার্কিংয়ের স্থানে তৈরি অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন।

জীবিতদের উদ্ধারের চেয়ে এখন মরদেহ উদ্ধার করে সমাহিত করা এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করার দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। আর এরইমধ্যে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ভেনেজুয়েলা ছাড়তে শুরু করেছে।

এদিকে, পরিবারগুলো তাদের মৃত স্বজনদের খুঁজে চলেছে এই আশায় যে, তারা যেন তাদের মর্যাদাপূর্ণ শেষকৃত্য সম্পন্ন করতে পারে।

Most Popular