Sunday, July 5, 2026
Homeবাংলাদেশঅ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসদাচরণের অভিযোগে ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসদাচরণের অভিযোগে ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

আজ রোববার অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ নোটিশ দেন।

শোকজ পাওয়া চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন—মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা ও মো. আশিকুজ্জামান নজরুল।

নোটিশে বলা হয়, রোববার দুপুরে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল অসৌজন্যমূলক আচরণ করেন। বিচারপ্রার্থী ও কার্যালয়ে কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাদের সামনে এ ঘটনা ঘটে।

এতে বলা হয়, চার আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ভয়ভীতি ও হুমকি দেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেন।

নোটিশে আরও বলা হয়, এসব ঘটনার ভিডিও কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

এসব কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল উল্লেখ করে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে কোনো অসদাচরণ করিনি। শুধু তার কাছে জানতে চেয়েছিলাম, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য কেন আমাদের হাইকোর্টের বেঞ্চগুলোতে দায়িত্ব দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার এখতিয়ার অ্যাটর্নি জেনারেল রাখেন না। কারণ অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল উভয়কেই রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং তারা রাষ্ট্রপতির কাছেই জবাবদিহি করেন।
 

Most Popular