Saturday, July 4, 2026
Homeবিদেশটাইম ক্যাপসুল: ২২৭৬ সালে মানুষ জানবে কেমন ছিল আজকের যুক্তরাষ্ট্র

টাইম ক্যাপসুল: ২২৭৬ সালে মানুষ জানবে কেমন ছিল আজকের যুক্তরাষ্ট্র

আজ ৪ জুলাই ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উযাপন করছে যুক্তরাষ্ট্র। দিবসটি উদযাপনের অংশ হিসেবে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

একটি ‘টাইম ক্যাপসুল’-এর মাধ্যমে ২৫০ বছর পরের আমেরিকানরা, অর্থাৎ ২২৭৬ সালের মানুষ জানতে পারবেন আজকের প্রজন্ম তাদের দেশকে কীভাবে পেয়েছিল এবং সাজাতে চেয়েছিল।

ফিলাডেলফিয়ায় যেখানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল, তার কাছাকাছি একটি জায়গায় স্থাপন করা হবে এই টাইম ক্যাপসুল। ৪০০ কেজি ওজনের স্টেইনলেস স্টিলের সিলিন্ডার আকৃতির ক্যাপসুলটি মাটির নিচে সংরক্ষণ করা হবে।

এই সিলিন্ডারটি ২২৭৬ সালের আগে খোলা হবে না। অর্থাৎ এটি যখন খোলা হবে তখন ৫০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে যুক্তরাষ্ট্র।

এই টাইম ক্যাপসুলটিতে কী রয়েছে, তা জানা না গেলেও নতুনটি কী কী সংরক্ষণ করা হচ্ছে তার বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে।

এখানে দেশটির ৫০টি অঙ্গরাজ্য, পুয়ের্তো রিকোর মতো পাঁচটি সংরক্ষিত ভূখণ্ড এবং বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের স্মৃতিচিহ্ন ও তথ্য রাখা হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সরকারি আয়োজক সংস্থা আমেরিকা২৫০-এর চেয়ারওম্যান রোজি রিওস বলেন, সব মিলিয়ে এই টাইম ক্যাপসুল ২৫০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের একটি পূর্ণাঙ্গ ও ‘প্রতিনিধিত্বমূলক দলিল’ হয়ে থাকবে।

স্মারক হিসেবে যুক্তরাষ্ট্রের একেকটি অঙ্গরাজ্য একেকটি ঐতিহাসিক জিনিস দিয়েছে। উইসকনসিন অঙ্গরাজ্য দিয়েছে একটি ঈগলের বাদামি পালক। এটি ‘ওল্ড অ্যাব’ নামে পরিচিত এক বিশ্বস্ত ঈগলের পালক, যার নামকরণ করা হয়েছিল প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নামে। মার্কিন গৃহযুদ্ধের সময় ইউনিয়ন বাহিনীর (ইউনিয়ন ট্রুপ) অন্তত ৩০টি যুদ্ধে এটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল।

ওহাইও অঙ্গরাজ্য দিয়েছে উইলবার ও অরভিল রাইটের তৈরি উড়োজাহাজের ডানার কাপড়ের একটি টুকরো। ১৯০৩ সালে বিশ্বে তারাই প্রথম সফলভাবে ইঞ্জিনচালিত ও নিয়ন্ত্রিত উড়োজাহাজ আকাশে উড়িয়ে ইতিহাস গড়েছিল।

মেইন অঙ্গরাজ্য দিয়েছে বিপন্ন প্রজাতির ‘নর্থ আটলান্টিক রাইট তিমি’র একটি হাড়।

আবার কয়েকটি অঙ্গরাজ্য আধুনিক জীবনের নিদর্শনও তুলে ধরেছে। যেমন: ক্যালিফোর্নিয়া একটি এআই চ্যাটবটের লেখা ভবিষ্যৎবাণী স্মারক হিসেবে জমা দিয়েছে। অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লদ’কে নির্দেশ দেওয়া হয়েছিল, ২০২৬ সালের ৪ জুলাই থেকে ঠিক ২৫০ বছর পর ক্যালিফোর্নিয়া দেখতে কেমন হবে, সে সম্পর্কে একটি লেখা তৈরি করতে।

আর এই পুরো কর্মসূচির আয়োজক ‘আমেরিকা২৫০’ নিজে টাইম ক্যাপসুলে একটি কমলা রঙের আইফোন দিয়েছে।

Most Popular