রংপুরে এক সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানায় এই জিডি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের।
জিডি দায়ের করা শাবিন শাহরিয়ার মীম (২৮) বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রংপুর জেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি স্থানীয় নিউজ পোর্টাল ডিআরবি নিউজের প্রতিষ্ঠাতা প্রকাশক।
জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে রংপুরে এটিএন নিউজ অফিসে অবস্থান করছিলেন শাবিন শাহরিয়ার মীম। এমন সময় একটি মোবাইল নম্বর থেকে প্রায় ৬ মিনিট ধরে কোনো কারণ ছাড়াই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
সাংবাদিক শাবিন শাহরিয়ার মীম বলেন, আমি সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছি। এতে মেডিকেলে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে গেছে। মেডিকেল প্রশাসন খুবই শক্ত অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, আমি আরও বেশ কয়েকটি দুর্নীতির প্রতিবেদন করেছি। এ কারণে তারা হয়তো আমার ওপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে, আমার ক্ষতি করতে চাচ্ছে।
‘আমি থানায় জিডি করেছি। ওসির সঙ্গে কথা বলেছি। ওসি আমাকে আইনি সহায়তা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন,’ বলেন তিনি।
ওসি এ কে এম নাজমুল কাদের জানান, জিডিটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সাংবাদিককে হুমকি দেওয়ার অডিও রেকর্ডটি সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। হুমকিদাতার মোবাইল নম্বরটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত বিস্তারিত উদঘাটন করা হবে।
