রংপুরের পীরগঞ্জ উপজেলায় অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত শুভ ইসলাম রিয়ন (২৬) পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া এলাকার আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে পরিদর্শকদের সন্দেহ হলে এক পরীক্ষার্থীর পরিচয় যাচাই করা হয়। সেসময় প্রবেশপত্র, নিবন্ধন-সংক্রান্ত তথ্যসহ অন্যান্য কাগজপত্র মিলিয়ে অসঙ্গতি ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আটক করে উপজেলা প্রশাসনকে জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্যের হয়ে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার অপরাধে শুভকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে ইউএনও মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি, প্রক্সি পরীক্ষা বা অসদুপায় অবলম্বন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
