Thursday, July 2, 2026
Homeখেলাজোতার মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিকে সঙ্গী করেই ক্রোয়েশিয়ার মুখোমুখি পর্তুগাল

জোতার মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিকে সঙ্গী করেই ক্রোয়েশিয়ার মুখোমুখি পর্তুগাল

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) টরন্টোয় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। কানাডার স্থানীয় সময় তখনও ২ জুলাই। কিন্তু পর্তুগালে ঘড়ির কাঁটা পেরিয়ে যাবে ৩ জুলাইয়ে। একটি তারিখ, যা দেশটির ফুটবল ইতিহাসে শুধু একটি দিন নয়, গভীর বেদনা আর স্মৃতির প্রতীক।

ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগাল ও লিভারপুলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোতা। মাত্র ২৮ বছর বয়সে ভাই আন্দ্রে সিলভাকে সঙ্গে নিয়ে উত্তর-পশ্চিম স্পেনের একটি সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। তাদের বহনকারী ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়ে আগুনে পুড়ে যায়। সেই দুর্ঘটনাতেই প্রাণ হারান দুই ভাই।

জোতার মৃত্যুর প্রথম বার্ষিকী তাই বিশ্বকাপে থাকা পর্তুগাল দলের জন্য শুধুই একটি দিন নয়, আবেগে মোড়া একটি উপলক্ষ। গত এক মাস ধরেই সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকেরা নানা আয়োজনে তার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন। বিশ্বকাপ অভিযানের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই কোনো না কোনোভাবে উঠে এসেছে জোতার নাম।

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ, যিনি জোতাকে ‘আমাদের আলো’ বলে উল্লেখ করেছিলেন, প্রতীকীভাবে তাকে নিজের বিশ্বকাপ স্কোয়াডের একজন সম্মানসূচক সদস্য ঘোষণা করেন।

জোতার ঘনিষ্ঠ বন্ধু ও পর্তুগালের মিডফিল্ডার রুবেন নেভেস বিশ্বকাপে পরে খেলছেন জোতার ২১ নম্বর জার্সি। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো খেলোয়াড়দের উপহার দিয়েছেন জোতার নাম লেখা বিশেষ রিস্টব্যান্ড।

বিশ্বকাপে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলার আগে অনুষ্ঠিত আবেগঘন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গ্যালারিতে বসে অশ্রু ধরে রাখতে পারেননি জোতার বাবা জোয়াকিম সিলভা ও মা ইসাবেল সিলভা।

ক্রোয়েশিয়া ম্যাচের আগে ডিফেন্ডার ভিতিনিয়া বলেছেন, ‘এই ম্যাচ জেতার অনেক কারণই আমাদের আছে। কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বিশেষ উপলক্ষ। আমাদের পরিবার, দিয়োগো জোতা, পুরো দেশ এবং সমগ্র পর্তুগালের জন্য আমাদের সেরাটা দিতে চাই।’

পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছিলেন জোতা। ২০১৮ বিশ্বকাপ কাফ মাসলের চোটের কারণে মিস করলেও, বেঁচে থাকলে এবারের উত্তর আমেরিকা বিশ্বকাপের স্কোয়াডে তার জায়গা প্রায় নিশ্চিতই ছিল।
 

Most Popular