বিশ্বকাপের শেষ বত্রিশের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার দ্বৈরথ। একদিকে ক্রিস্তিয়ানো রোনালদো, অন্যদিকে লুকা মদরিচ। দুই কিংবদন্তির সম্ভাব্য শেষ বিশ্বকাপ লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ মনে করেন, এই ম্যাচের ফল নির্ধারণ করবেন না রোনালদো কিংবা মদ্রিচ; আসল লড়াই হবে মাঝমাঠে।
বুধবার টরন্টোয় সংবাদ সম্মেলনে দালিচ বলেন, ‘আমার বিশ্বাস, এটি হবে মিডফিল্ডারদের লড়াই। পর্তুগালের মাঝমাঠে অসাধারণ খেলোয়াড় রয়েছে। তারা কৌশলগতভাবে খুবই শক্তিশালী। এই ম্যাচে একটি ভুলও বড় মূল্য চুকাতে হতে পারে।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। এরপর পানামাকে ১-০ এবং ঘানাকে ২-১ গোলে হারিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে তারা।
অন্যদিকে গ্রুপ পর্বে মাত্র একটি জয় এবং দুটি ড্র নিয়ে নকআউটে উঠেছে পর্তুগাল। পারফরম্যান্স প্রত্যাশামতো না হলেও প্রতিপক্ষকে একটুও হালকাভাবে নিচ্ছেন না দালিচ, ‘পর্তুগাল এমন একটি দল, যারা সবসময় বলের দখল নিজেদের কাছে রাখতে চায়। তাদের দুর্বলতা খুবই কম। যেকোনো মুহূর্তে তারা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।’
ক্রোয়েশিয়ার মাঝমাঠে নেতৃত্ব দেবেন ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদ্রিচ। তার সঙ্গে থাকবেন ইংল্যান্ডের বিপক্ষে গোল করা মার্টিন বাতুরিনা এবং ঘানার বিপক্ষে গোল পাওয়া পেতার সুচিচ।
অন্যদিকে পর্তুগালের মিডফিল্ডে রয়েছেন ভিতিনিয়া, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেস। যদিও সব আলো কেড়ে নিচ্ছেন ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো।
টরন্টোয় অনুষ্ঠিত এই ম্যাচটি শহরটির এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ। একই সঙ্গে এটি রোনালদো কিংবা মদ্রিচ, দুই কিংবদন্তির একজনের শেষ বিশ্বকাপ ম্যাচও হয়ে যেতে পারে।
ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ দুই তারকার প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘তারা দুজনই ফুটবলের জন্য অসাধারণ অবদান রেখেছেন। আমি বিশ্বাস করি, লুকা তার পথচলা আরও এগিয়ে নিয়ে যাবে। তবে দুজনের সম্পর্কেই আমার কেবল ইতিবাচক কথাই বলার আছে।’
