Wednesday, July 1, 2026
Homeবাংলাদেশজ্বালানি সংকট মোকাবিলায় সহায়তা বাড়িয়ে ৫০ কোটি ডলার করতে ইতিবাচক সাড়া জাপানের

জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তা বাড়িয়ে ৫০ কোটি ডলার করতে ইতিবাচক সাড়া জাপানের

জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তা বাড়িয়ে ৫০ কোটি ডলার করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে জাপান। এর আগে এ সংকট মোকাবিলায় ৩১ কোটি ২০ লাখ ডলার সহায়তা করতো টোকিও।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এ অগ্রগতি হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকে জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনালের কাজ শেষ হবে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এটি উদ্বোধন করা সম্ভব হবে।

বৈঠকে বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি টহল নৌযান দেওয়ার ঘোষণা দেয় জাপান। পাশাপাশি বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দ্রুত বাস্তবায়নে উভয়পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের সমর্থন এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানায় দেশটির প্রতিনিধিদল। এ সময় প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও হুমায়ুন কবির এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।

জাপানের পক্ষে ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনইচি, আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

Most Popular