Wednesday, July 1, 2026
Homeবাংলাদেশওয়ারী থেকে যুবককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

ওয়ারী থেকে যুবককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

রাজধানীর ওয়ারী এলাকা থেকে এক যুবককে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। আহত সুভাষ দেউরী (২৭) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুভাষ দেউরী পুরান ঢাকার সেন্ট্রাল ল’ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্বজনদের দাবি, গতকাল সোমবার রাত ৮টার দিকে রিকশায় ওয়ারীর স্বামীবাগ এলাকায় পৌঁছানোর পর সুভাষকে অপহরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে তিনি সেখান থেকে পালিয়ে আসেন। পরে রুমমেটের সহায়তায় সুভাষ ঢামেক হাসপাতালে ভর্তি হন।

সুভাষের স্বজন দীপু বর্মণ ডেইলি স্টারকে বলেন, অপহরণকারীরা তাকে মারধর করে ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দেওয়া হয়। বাকি ৩০ হাজার টাকা আজ দেওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, আজ সকালে সুভাষ সেখান থেকে কৌশলে পালিয়ে বাসার কাছাকাছি পৌঁছে রুমমেটের সঙ্গে যোগাযোগ করেন।

দীপু বলেন, সুভাষের পা ও কোমরের হাড় ভেঙে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অস্ত্রোপচার করতে হবে।

জানতে চাইলে ওসি মফিজুর রহমান বলেন, সুভাষের দাবি, সোমবার রাতে তিনি স্বামীবাগের একটি ইসকন মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে কয়েকজন তাকে একটি বাসায় নিয়ে যায়।

‘পরে ভোরের দিকে ভবনের একটি অংশ থেকে লাফিয়ে তিনি পালিয়ে যান। লাফ দেওয়ার সময় সুভাষ আহত হন’, বলেন তিনি।

মফিজুর রহমান বলেন, ঘটনাস্থলটি গেন্ডারিয়া থানার আওতাধীন হলেও ওয়ারী থানা পুলিশও তদন্ত করছে। এছাড়া সুভাষের আগে থেকেই স্মৃতিজনিত সমস্যা রয়েছে। বর্তমানে তিনি ঘটনাটির স্পষ্ট বর্ণনা দিতে পারছেন না।

Most Popular