গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর একদিন বিশ্রাম পেয়েছে লিওনেল স্কালোনির দল। সোমবার থেকে আবারও অনুশীলনে ফিরছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেখান থেকেই শুরু হবে কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতি।
তবে নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কালোনির সামনে রয়েছে একাদশ নির্বাচন নিয়ে তিনটি বড় প্রশ্ন। রক্ষণভাগ, আক্রমণভাগ এবং লেফট ব্যাক এই তিন জায়গাতেই এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাননি আর্জেন্টাইন কোচ।
সবচেয়ে বড় দুশ্চিন্তা সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান তিনি। একই হাঁটুতে বিশ্বকাপের আগেই চোট ছিল তার। সেই কারণেই জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
তবে আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর, রোমেরোর চোট গুরুতর নয়। হাঁটুর ফোলাভাব অনেকটাই কমেছে এবং সোমবার তিনি প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন। যদিও কেপ ভার্দের বিপক্ষে তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করবে পরবর্তী কয়েক দিনের শারীরিক অবস্থার ওপর।
যদি রোমেরোকে আরও বিশ্রাম দেওয়া হয়, তাহলে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে রক্ষণে জুটি বাঁধবেন নিকোলাস ওতামেন্দি। জর্ডানের বিপক্ষে মেসির অনুপস্থিতিতে তিনিই অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
দ্বিতীয় ধোঁয়াশা আক্রমণভাগে। লিওনেল মেসি একাদশে ফিরবেন, সেটি প্রায় নিশ্চিত। তবে তার সঙ্গী হিসেবে খেলবেন কে? হুলিয়ান আলভারেস নাকি লাউতারো মার্তিনেজ, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
বিশ্বকাপ শুরুর আগে স্কালোনির পরিকল্পনা ছিল, নকআউট পর্ব থেকে মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন হুলিয়ান আলভারেস। কাতার বিশ্বকাপেও শেষের দিকে তিনি ছিলেন আর্জেন্টিনার প্রথম পছন্দ।
কিন্তু গোড়ালির চোট নিয়ে যুক্তরাষ্ট্রে আসায় প্রথম দুই ম্যাচে বেঞ্চে থাকতে হয়েছে হুলিয়ানকে। অন্যদিকে জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন লাউতারো মার্তিনেজ। ফলে শেষ পর্যন্ত স্কালোনি পূর্বপরিকল্পনায় অটল থাকবেন, নাকি লাউতারোর সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরুত্ব দেবেন, সেটিই এখন দেখার বিষয়।
তৃতীয় প্রশ্নটি বাঁ-প্রান্তের ডিফেন্সে। প্রথম দুই ম্যাচে নিকোলাস তাগলিয়াফিকোর চোটের কারণে স্বাভাবিক পজিশন না হলেও দারুণ খেলেছেন ফাকুন্দো মেদিনা। তবে জর্ডানের বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন চোট কাটিয়ে ফেরা তাগলিয়াফিকো। তাই কেপ ভার্দের বিপক্ষে অভিজ্ঞ এই লেফট-ব্যাককেই আবার শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
