Wednesday, July 1, 2026
Homeবাংলাদেশচট্টগ্রামে পোশাক কারখানার সামনে অস্ত্র উঁচিয়ে গুলি, তদন্তে পুলিশ

চট্টগ্রামে পোশাক কারখানার সামনে অস্ত্র উঁচিয়ে গুলি, তদন্তে পুলিশ

চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে অস্ত্র উঁচিয়ে এক যুবকের গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইয়ুনেস্কো পোশাক কারখানার সামনে পাঁচ যুবক জড়ো হন। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি টি–শার্ট পরা এক যুবক কারখানাটির সামনে থেকে সড়কের দিকে হেঁটে যাচ্ছে। একপর্যায়ে তিনি পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবারও তাকে গুলি করতে দেখা যায়। সেসময় অনেক পথচারী যাতায়াত করছিলেন।

স্থানীয়দের দাবি, বিসিক শিল্প এলাকায় একটি গ্রুপ আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। তাদের ধারণা, গুলির ঘটনাটি এসব হুমকি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের সঙ্গে জড়িত।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনায় তথ্য পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে। তদন্ত স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
 

Most Popular