Friday, June 19, 2026
Homeখেলাবদলি নেমে মানজাম্বির রেকর্ড, শেষের রোমাঞ্চে সুইজারল্যান্ডের বড় জয়

বদলি নেমে মানজাম্বির রেকর্ড, শেষের রোমাঞ্চে সুইজারল্যান্ডের বড় জয়

বসনিয়া ও হার্জেগোভিনার রক্ষণ ভাঙতে যখন ঘাম ছুটছিল সুইজারল্যান্ডের, ঠিক তখনই ডাগআউট থেকে এক মাস্টারস্ট্রোকে ম্যাচের ভাগ্য বদলে দিলেন তাদের কোচ মুরাত ইয়াকিন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তার নেওয়া চতুর সিদ্ধান্তেই বদলি খেলোয়াড়দের নৈপুণ্যে বড় জয় পেল সুইসরা। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল ইউরোপের দলটি।

লস অ্যাঞ্জেলসে বৃহস্পতিবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে বসনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড। তাদের পক্ষে রেকর্ড গড়ে জোড়া গোল করেন বদলি নামা ইয়োহান মানজাম্বি। বাকি দুই গোলদাতা হলেন আরেক বদলি রুবেন ভার্গাস ও অধিনায়ক গ্রানিত জাকা। বসনিয়ার পক্ষে ব্যবধান কমান বদলি খেলোয়াড় এরমিন মাহমিচ।

আসল রোমাঞ্চটা তোলা ছিল শেষ অঙ্কের জন্য। ম্যাচের ৭৩ মিনিট পর্যন্তও স্কোরলাইন ছিল গোলশূন্য। অথচ প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বল দখলে রেখেছিল সুইজারল্যান্ড। কিন্তু আক্রমণভাগের ধারহীনতায় গোলমুখে মাত্র একটি শট নিতে পারে তারা। উল্লেখযোগ্য কিছু করতে না পারা বসনিয়াও বিরতির আগে কেবল একটি শট নিয়েছিল গোলমুখে।

দ্বিতীয়ার্ধে বসনিয়ার ৩০ বছর বয়সী গোলরক্ষক নিকোলা ভাসিল যেন একাই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সুইসদের সামনে। ৫৬তম মিনিটে ড্যান এনডোয়ের দুর্দান্ত ওভারহেড কিক রুখে দেওয়ার সাত মিনিট পর ব্রিল এমবোলোর জোরাল প্রচেষ্টা চমৎকার রিফ্লেক্সে নস্যাৎ করে দেন তিনি।

তবে ৭৪তম মিনিটে আর শেষরক্ষা হয়নি বসনিয়ার। ডি-বক্সে তাদের এক ডিফেন্ডারের দুর্বল হেডের সুযোগ নিয়ে জোরাল সাইড ভলিতে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন মানজাম্বি। ম্যাচের ডেডলক ভাঙার মাত্র দুই মিনিট আগে মাঠে নেমেছিলেন এই তরুণ মিডফিল্ডার।

ছয় মিনিট পর বসনিয়া ফের খায় ধাক্কা। ফরোয়ার্ড এমবোলোকে ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক মুহারেমোভিচ। ১০ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষের ওপর এরপর আরও চড়াও হয় সুইজারল্যান্ড।

৮৪তম মিনিটে এমবোলোর পাস ধরেই নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন মানজাম্বির সঙ্গে বদলি নামা ভার্গাস। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফের গোলের উল্লাস করে সুইসরা। ভার্গাসের অ্যাসিস্ট থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মানজাম্বি। ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ বদলি খেলোয়াড় হিসেবে (২০ বছর ২৪৭ দিন) জোড়া গোলের রেকর্ড গড়লেন তিনি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নাটকীয়তা রূপ নেয় চরমে। বদলি নামার মাত্র দুই মিনিটের মাথায় বুলেট গতির শটে বসনিয়ার হয়ে ব্যবধান কমান মাহমিচ।

আর ম্যাচের একদম শেষ মুহূর্তে জিব্রিল সো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। যোগ করা সময়ের সপ্তম মিনিটে সফল স্পট কিকে তাদের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক জাকা।

এই দাপুটে জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে সুইজারল্যান্ড। প্রথম ম্যাচে দারুণ খেলেও শেষ মুহূর্তে গোল হজম করে কাতারের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছিল তারা। অন্যদিকে, সমান ম্যাচে ১ পয়েন্ট পাওয়া বসনিয়াও নিজেদের প্রথম ম্যাচে একই স্কোরলাইনে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল।

Most Popular