Thursday, June 18, 2026
Homeখেলাফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ: কানাডার ভিসা পেলেন না আইভরি কোস্টের ফুটবলার

ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ: কানাডার ভিসা পেলেন না আইভরি কোস্টের ফুটবলার

ঘরোয়া ফুটবলে সম্ভাব্য ফিক্সিংয়ের ঘটনায় নাম জড়ানোয় কানাডার ভিসা দেয়া হয়নি আইভরি কোস্টের ফুটবলার এলে ওয়াহিকে। ফলে জার্মানির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়াহিকে ছাড়াই মাঠে নামতে হবে আইভরি কোস্টকে। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন। ফলে গোটা দল টরন্টোতে গেলেও যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে ওয়াহিকে। প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারানো ম্যাচে একাদশে ছিলেন এই ফরোয়ার্ড। 

ফিক্সিংয়ের অভিযোগ অবশ্য এই বিশ্বকাপের ম্যাচ নিয়ে নয়। ফ্রেঞ্চ ক্লাব নিস এর হয়ে ঘরোয়া ফুটবল খেলেন ওয়াহি। সেখানেই বিশ্বকাপের ঠিক আগে এক ম্যাচে স্পট-ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তার সাময়িকভাবে গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়েছিল। ওয়াহির বিরুদ্ধে অভিযোগ, গত মে মাসে মেটজের বিপক্ষে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবং ওয়াহি সেই ম্যাচে হলুদ কার্ড দেখবেন, এটি নিয়ে বেশ বড় অঙ্কের বাজি আগেই ধরা হয়েছিল, এরকম তথ্যপ্রমাণ এসেছে ফ্রেঞ্চ ফুটবল লিগ কর্তৃপক্ষের কাছে। 

আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘তার বিরুদ্ধে কোনো আইনি কিংবা প্রশাসনিক ব্যবস্থা নেয়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। সে দলের সাথে কানাডা যাচ্ছে না। দল না ফেরা পর্যন্ত সে এখানেই থাকবে’। 

অভিযুক্ত ফুটবলারের পাশে থাকার ঘোষণাও দিয়েছে ফেডারেশন, ‘আমরা আমাদের ফুটবলারের পাশে আছি, তার প্রতি পূর্ণ আস্থা আমাদের আছে। ওয়াহি আইভরি কোস্ট জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য’। 

ফিক্সিংয়ে জড়িত থাকার এই ঘটনায় ওয়াহির বিরুদ্ধে তদন্ত এখনো চলমান রয়েছে। এই বিশ্বকাপে ওয়াহি দ্বিতীয় ফুটবলার যাকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কানাডার ভিসা দেওয়া হয়নি। এর আগে ঘানার থমাস পার্টের বিরুদ্ধে যুক্তরাজ্যে ধর্ষণ মামলা চলমান থাকার জেরে তাকে ভিসা দেয়নি কানাডা।  

 

Most Popular