Thursday, June 18, 2026
Homeখেলা‘সে আগের মতো নেই,’ রোনালদোকে নিয়ে কঙ্গোর তারকার মন্তব্য

‘সে আগের মতো নেই,’ রোনালদোকে নিয়ে কঙ্গোর তারকার মন্তব্য

ক্রিস্তিয়ানো রোনালদোকে থামাতে আলাদা কোনো পরিকল্পনাই করেনি ডিআর কঙ্গো। কারণ প্রতিপক্ষের মিডফিল্ডার এনগাল’আয়েল মুকাউয়ের বিশ্বাস, পর্তুগিজ মহাতারকা আর আগের মতো নেই। তবে বয়সের ছাপ পড়লেও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর প্রতি নিজের শ্রদ্ধার কথা জানাতে ভোলেননি তিনি।

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখিয়েছে ডিআর কঙ্গো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে সামলানোর কৌশল নিয়ে প্রশ্ন করা হলে মুকাউ বলেন, ‘সত্যি বলতে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। আমরা জানি, সে আগের মতো নেই। এখন তার বয়স হয়েছে। কিন্তু তারপরও সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।’

বিশ্বকাপ শুরুর আগে থেকেই রোনালদোকে ঘিরে ছিল বাড়তি আলোচনা। একদিন আগেই লিওনেল মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসের পাশে জায়গা করে নিয়েছেন। ফলে পরদিন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে রোনালদোর ওপর প্রত্যাশার চাপও ছিল অনেক বেশি।

তবে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। পুরো ম্যাচজুড়েই নিজেকে খুঁজে ফিরেছেন তিনি। সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান সোফাস্কোরের রেটিংয়ে ৬.১ নম্বর পেয়ে ম্যাচে অংশ নেওয়া ৩১ জন ফুটবলারের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে ছিলেন রোনালদো। তার চেয়ে কম রেটিং পেয়েছেন কেবল ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি-এনজাউ।

রোনালদোর এমন পারফরম্যান্সে পর্তুগালের বিশ্বকাপ অভিযানও শুরু হয়েছে হোঁচট খেয়ে। গ্রুপ ‘কে’তে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। টুর্নামেন্ট শুরুর আগে গ্রুপসেরা হওয়ার অন্যতম দাবিদার ধরা হলেও প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে এখন বাড়তি চাপে পড়ে গেছে ইউরোপের দলটি।

বিশেষ করে শক্তিশালী কলম্বিয়া যখন গ্রুপের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে, তখন নকআউট পর্বের পথ সহজ রাখতে উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়াটা পর্তুগালের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে। আর সেই মিশনে দলের সবচেয়ে বড় ভরসা হয়েই আবারও সামনে আসতে হবে রোনালদোকে।
 

Most Popular