Thursday, June 18, 2026
Homeবাংলাদেশফরিদপুরে দোকানে লাগা আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

ফরিদপুরে দোকানে লাগা আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি বাজারে দোকানে আগুন লাগার পর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম বাবুল মোল্লা (৩৫)। তিনি দোকানের আগুন নেভানোর কাজ করছিলেন।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভেন্নাতলা বাজারে এ ঘটনা ঘটে। আগুনে অন্তত পাঁচটি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

নিহত বাবুল বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের বাসিন্দা। তিনি নসিমন চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ভেন্নাতলা গ্রামের বাসিন্দা আল-আমিন (২৭), আকিদুল ইসলাম (৩০), জাহাঙ্গীর হোসেন (৩৫), হোসাইন বিশ্বাস (১২) ও লাবু মোল্লা (৩৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বাজারের নূর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকানে আগুন লাগে। দ্রুত আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

আগুন দেখে বাবুল মোল্লাসহ স্থানীয়রা আগুন নেভাতে শুরু করেন। এ সময় একটি দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েল আহমেদ জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

আগুনে নূর ইসলাম মিয়ার পাইকারি মুদি দোকান, সাহেব আলীর চায়ের দোকান, হাবিব মোল্লার সার ও কীটনাশকের দোকান, বাবর আলীর সাইকেল মেরামতের দোকান এবং জাকির হোসেনের কাপড়ের দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে তাদের প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

Most Popular