জার্মানির মিরোস্লাভ ক্লোসা কিংবা ব্রাজিলের রোনালদোর মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখাতে পারাটা সম্মানের বলে জানিয়েছেন লিওনেল মেসি। তা সত্ত্বেও আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ফিফা বিশ্বকাপের যৌথ সর্বোচ্চ গোলদাতা হওয়ার ঐতিহাসিক কীর্তিকে নেহাতই একটি পরিসংখ্যান বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
বুধবার ‘জে’ গ্রুপের ম্যাচে কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ গোলের জয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন ৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর। এর মাধ্যমে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করেছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে এটিই মেসির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
এই অনবদ্য নৈপুণ্যের সুবাদে বিশ্বমঞ্চে মেসির মোট গোল সংখ্যা এখন ১৬টি। এর মাধ্যমে তিনি যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্লোসার পাশে নাম লিখিয়েছেন। ১৫টি গোল করা রোনালদোকে টপকে এই বিশ্বজয়ী তারকা এখন চূড়ায় বসে আছেন ক্লোসার সঙ্গে।
তালিকার পরের স্থানটিতে ১৪টি করে গোল নিয়ে যৌথভাবে আছেন জার্মানির সাবেক তারকা জার্ড মুলার ও ফ্রান্সের বর্তমান তারকা কিলিয়ান এমবাপে। আর্জেন্টিনা মাঠে নামার আগে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে ‘আই’ গ্রুপে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন এমবাপে।
ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির ফরোয়ার্ড মেসি বলেন, ‘আমার পরিবার ও সতীর্থ— যারা সব সময় আমার পাশে থাকে, তাদের সঙ্গে এই মুহূর্তটি উপভোগ করতে পারাটা সত্যিই সুন্দর। আমি আনন্দিত।’
কিংবদন্তিদের পাশে নিজের অবস্থান নিয়ে তিনি যোগ করেন, ‘ক্লোসা বা অন্যদের পাশে নাম থাকাটা সম্মানের। সেখানে রোনালদোও আছে। তবে আমার মনে হয় না এর কোনো বিশেষ অর্থ আছে। এমবাপেও সেখানে রয়েছে, যে আজ দুটি গোল করেছে। দিনশেষে এটি কেবলই একটি পরিসংখ্যান এবং এর চেয়ে বেশি কিছু নয়।’
গোলমুখে মেসির এমন নিখুঁত ফর্ম আর্জেন্টিনার জন্য দারুণ এক ইতিবাচক বার্তা। ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মিশন শুরু করেছে আলবিসেলেস্তেরা।
