Tuesday, June 16, 2026
Homeবাংলাদেশসুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল শুনানি ১ সেপ্টেম্বর

সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল শুনানি ১ সেপ্টেম্বর

সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল আদালতে যুক্তি উপস্থাপনের প্রস্তুতির জন্য সময় চাইলে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে গত ৯ জুন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের কার্যকারিতা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন এবং আজ (১৬ জুন) শুনানির দিন ধার্য করেন। আজ আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ২১ মে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের পক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আপিল দায়ের করে।

আপিল আবেদনে রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়, সংবিধানের ১১৫ অনুচ্ছেদ বহাল রেখে ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট ভুল করেছেন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার ক্ষমতা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। অন্যদিকে ১১৫ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে অধস্তন বিচার বিভাগের সদস্যদের নিয়োগের ক্ষমতা দেয়।

রাষ্ট্রপক্ষ আরও বলে, ১১৬ অনুচ্ছেদে একটি গুরুত্বপূর্ণ ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ ব্যবস্থা রয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হয়, যা অধস্তন বিচার বিভাগের প্রশাসনিক বিষয়ে সুপ্রিম কোর্টের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করে।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল করে রায় দেন। একই সঙ্গে সরকারকে তিন মাসের মধ্যে একটি স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। পাশাপাশি অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদায়ন ও শৃঙ্খলামূলক ব্যবস্থার কর্তৃত্ব রাষ্ট্রপতির পরিবর্তে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

গত ৭ এপ্রিল রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। পরদিন অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের এ রায় কার্যকর হবে না।

গত বছরের ৩০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করার পর ডিসেম্বরের শুরুতে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন। এর লক্ষ্য ছিল বিচার বিভাগকে পুরোপুরি সুপ্রিম কোর্টের অধীনে আনা এবং এর স্বাধীনতা আরও জোরদার করা।

তবে গত ১৯ মে আইন মন্ত্রণালয় গেজেট নোটিফিকেশন জারি করে। সেখানে জানানো হয়, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ১৫ জন বিচারককে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্য দপ্তরে পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ ১০ এপ্রিল থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়।

Most Popular