Sunday, June 14, 2026
Homeবিদেশট্রাম্প-পুতিন ফোনালাপ: ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা

ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় ইরান ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় উঠে এসেছে বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে আজ রোববার তাকে ফোন করেন পুতিন।

ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল—যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই ঘিরে পরিস্থিতি।

তার ভাষ্য, সম্ভাব্য একটি চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন বলে পুতিনকে জানিয়েছেন ট্রাম্প।

উশাকভ আরও বলেন, এ বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে যে, বর্তমানে ইরান-সংক্রান্ত আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই রাশিয়া সফর করবেন।

তিনি জানান, ফোনালাপে ইউক্রেন যুদ্ধের বিষয়টিও উঠে আসে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন।

Most Popular