Sunday, June 14, 2026
Homeবাংলাদেশকুয়াকাটা উপকূলে ভাসছে ৪০-৪৫ ফুট আকৃতির মৃত তিমি

কুয়াকাটা উপকূলে ভাসছে ৪০-৪৫ ফুট আকৃতির মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরে একটি  মৃত তিমি ভাসতে দেখা গেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সৈকত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সাগরে তিমিটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢেউয়ের সঙ্গে ভেসে তিমিটি ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে। এরইমধ্যে তিমিটির শরীরে পচন ধরেছে।

কুয়াকাটার পরিবেশকর্মী কেএম বাচ্চু দ্য ডেইলি স্টারকে জানান, তিমিটি বেলিন প্রজাতির হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, প্রায় সাত থেকে আট দিন আগে প্রাণীটির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, মৃত তিমিটির দৈর্ঘ্য আনুমানিক ৪০ থেকে ৪৫ ফুট। বিভিন্ন স্থানে এর প্রস্থ ৬ থেকে ৮ ফুট হতে পারে। এটি ক্রমেই উপকূলের দিকে ভেসে আসছে। সৈকতে পৌঁছালে দ্রুতই তিমিটিকে মাটি বা বালুচাপা দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। বিষয়টি বন বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানানো হবে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ‘মৃত তিমির বিষয়ে খবর পেয়েছি। এটি উপকূলে ভেসে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।’

স্থানীয়দের আশঙ্কা, তিমিটি উপকূলে পৌঁছালে কৌতূহলী মানুষের ভিড় জমতে পারে। পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Most Popular