বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতি নদীর দুই পাড়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
শনিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের মধুমতি নদীর ওপর আবুল খায়ের সেতুর এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরাসরি সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের দিক থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা নদীর এক পাড়ে অবস্থান নেন। অন্যদিকে বাগেরহাটের অংশে অবস্থান নেন বিএনপির কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে মোল্লাহাটের দিকে এগুতে শুরু করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় সেতুর অপর পাড়ে থাকা বিএনপির কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মী-সমর্থক যাতে মোল্লাহাটে প্রবেশ করতে না পারেন, সে জন্য আমাদের দলের কর্মীরা প্রস্তুত রয়েছেন। যেকোনো মূল্যে তাদের প্রতিরোধের নির্দেশনা রয়েছে।’
দুই পক্ষই এখন এলাকা থেকে সরে গেছে বলে জানান এসপি জামিরুল। বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
