Saturday, November 28, 2026
Homeবাংলাদেশভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, পাশে ছিলেন উর্দু পকবি নওশাদ নূরী

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, পাশে ছিলেন উর্দু পকবি নওশাদ নূরী

উর্দুভাষী কবি হয়েও বাঙালির ভাষা আন্দোলন ও মুক্তিসংগ্রামের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন নওশাদ নূরী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে কবিতা লেখা থেকে শুরু করে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদ, বাঙালির অধিকার ও স্বাধীনতার প্রশ্নে তিনি কখনো আপস করেননি।

এ অবস্থানের কারণে একদিকে উর্দুভাষীদের বিরাগভাজন হয়েছেন, অন্যদিকে উর্দুভাষী পরিচয়ের কারণে বাঙালিদের একাংশের সন্দেহের মুখে পড়েছেন। তবু মানুষের মুক্তির পক্ষে নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।

আজ শনিবার দ্য ডেইলি স্টার সেন্টারে ‘দ্য ডেইলি স্টার ইতিহাস আড্ডার’ ৩৯তম পর্বে বক্তারা এসব কথা বলেন। উর্দু সাহিত্যের খ্যাতনামা এই কবির জন্মশতবর্ষ উপলক্ষে এবারের আয়োজনের শিরোনাম ছিল ‘জন্মশতবর্ষে নওশাদ নূরী বাংলাদেশের উর্দু সাহিত্য’।

আলোচনায় অংশ নেন লেখক, গবেষক ও অনুবাদক জাভেদ হুসেন, উর্দু কবি শামীম জামানভি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী।

জাভেদ হুসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে নওশাদ নূরীর লেখা কবিতাটি ছিল এ বিষয়ে রচিত প্রথম দিকের কবিতাগুলোর অন্যতম। এতে তিনি বাঙালিদের নিজেদের ভাষা, লোকগাথা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেন, বাঙালির মুক্তিসংগ্রামের পক্ষে জনমত গঠনে নওশাদ নূরী তার সম্পাদিত উর্দু সাময়িকী যারিদা’কে কাজে লাগান। এতে নিয়মিত বাঙালি লেখক, গল্পকার ও ঔপন্যাসিকদের লেখা উর্দুতে অনুবাদ করে প্রকাশ করা হতো। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে তিনি একাধিক কবিতা লেখেন। ২৬ মার্চ লেখা একটি কবিতায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেছিলেন, ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়াই তখন একমাত্র পথ।’

জাভেদ বলেন, বাংলাদেশের প্রকৃতি, জনজীবন ও সংস্কৃতিও নওশাদের কবিতায় গভীরভাবে জায়গা করে নিয়েছিল। মেঘনা নদী, নৌকা, নারকেলগাছ, মেঠোপথ এবং ধান-পাটের হাটের মতো বাংলার অনুষঙ্গ তার কবিতায় উঠে এসেছে।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, নওশাদ নূরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের মতো নেতাদের সঙ্গে মিশেছেন। ১৯৬৬ সালের ছয় দফা দাবিও তিনি উর্দুতে অনুবাদ করেছিলেন। তার সম্পাদিত যারিদা’র লক্ষ্য ছিল এ দেশের মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং মাথা উঁচু করে চলতে উদ্বুদ্ধ করা।

উর্দুকে পাকিস্তান বা মুসলমানদের ভাষা হিসেবে দেখার ধারণার বিরোধিতা করে অধ্যাপক রব্বানী বলেন, ভাষার কোনো দেশ বা ধর্ম নেই। বাংলাদেশে পাকিস্তান প্রতিষ্ঠার অনেক আগে থেকেই উর্দু চর্চা হয়ে আসছে। রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে ভাষাটিকে অন্য ভাষার মতোই সাহিত্যিক ঐতিহ্য হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন।

শামীম জামানভি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে নওশাদ নূরীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কবি শামসুর রাহমান নতুন কবিতা লেখার পর প্রকাশের আগে আমাকে পড়ে শোনাতেন। বাংলা ও উর্দু সাহিত্যের মধ্যে বিনিময় বাড়াতেও নওশাদ উদ্যোগী ছিলেন। তার প্রচেষ্টায় বাংলা-উর্দু সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

আড্ডা সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক ইমরান মাহফুজ। সূচনা বক্তব্য রাখেন গবেষক-সাংবাদিক সামসুদ্দোজা সাজেন। উপস্থিত ছিলেন নওশাদ নূরীর ছেলে হাইকেল হাশমী ও মেয়ে শাবানা নাভিদসহ উর্দু ভাষা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিরা।

হাইকেল হাশমী বলেন, ‘বাহান্নতে কবিতা লিখে নওশাদ নূরীকে দেশ ছাড়তে হয়েছে, একাত্তরে কবিতা লিখে যেতে হয়েছে কারাগারে। দেশ স্বাধীন হওয়ার পর লুট হয়েছে তার ঘরবাড়ি। কবিতার জন্য এমন মূল্য আর কত বাঙালি কবিকে দিতে হয়েছে, জানা নেই। তবু কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। শুধু একটাই চাওয়া—মানুষ তার কবিতা পড়ুক, কবিতার মধ্য দিয়েই কবি নওশাদ নূরী মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিন।’

ইতিহাস আড্ডায় উর্দু গজল গেয়ে শোনান ও নওশাদ নূরীর কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী আব্দুর রহমান ও ইরাতফা বিনতে রিদওয়ান।

Most Popular