Saturday, November 28, 2026
Homeখেলাটাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো

টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো

গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে কথা বলতে গিয়ে নিজের ক্যারিয়ারের নানা অজানা অধ্যায় সামনে এনেছেন রোনালদো নাজারিও। পিএসভি আইন্দহোফেন থেকে বার্সেলোনায় যোগ দেওয়া, এরপর এক মৌসুম না পেরোতেই ইন্টার মিলানে পাড়ি জমানো— সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের কারণও খোলাখুলি জানিয়েছেন তিনি।

বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান কিংবদন্তির সরল স্বীকারোক্তি, অর্থের কারণেই মূলত কাতালানদের ডেরা ছেড়েছিলেন।

১৯৯৬-৯৭ মৌসুমে পিএসভি থেকে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রোনালদো। তাদের হয়ে মাত্র এক মৌসুম খেলেই নিজের সামর্থ্যের জানান দেন এই স্ট্রাইকার। দুর্দান্ত পারফরম্যান্স ও গোল করার ধারাবাহিকতায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। তবে ১৯৯৭ সালে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান তার রিলিজ ক্লজ পরিশোধ করে তাকে নিজেদের ঠিকানায় নিয়ে যায়।

কেন বার্সেলোনা ছেড়ে ইন্টারে গিয়েছিলেন, ডিজনি প্লাসে প্রকাশিত পডকাস্টটির বিশেষ পর্বে সেই ব্যাখ্যায় রোনালদো বলেন, ‘বার্সেলোনা আমাকে ২ কোটি ডলারে কিনেছিল, যার একটা ভালো অংশ আমি পেয়েছিলাম। সেখানে বছরে ২০ লাখ ডলার আয় করতাম। ইন্টার আমাকে বছরে ৮০ লাখ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তাই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

ইতালিতে পাড়ি জমানোর পর অবশ্য সাফল্যের নতুন অধ্যায় শুরু হয় রোনালদোর। ১৯৯৭ সালে ইন্টারের খেলোয়াড় হিসেবেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন তিনি। পরে ২০০২ সালে দ্বিতীয়বার এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতে ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি।

তবে ১৯৯৬ সালের ব্যালন ডি’অর না জেতা নিয়ে এখনো আক্ষেপ রয়েছে রোনালদোর। সেবার জার্মানির মাতিয়াস সামারের কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন তিনি। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে সব মিলিয়ে ৪৯ ম্যাচে ৪৭ গোলের পরও পুরস্কারটি না পাওয়ায় হতাশ হয়েছিলেন তিনি।

রোনালদো বলেন, ‘আমি সামারের কাছে পুরস্কারটা হারিয়েছিলাম, যিনি ছিলেন একজন ডিফেন্ডার। আমার রাগ হয়েছিল, কারণ বার্সেলোনার হয়ে দারুণ খেলেছিলাম এবং অনেক গোল করেছিলাম।’

আধুনিক ফুটবলের স্ট্রাইকারদের নিয়েও নিজের মতামত জানিয়েছেন সাবেক এই ফরোয়ার্ড। তার মতে, বর্তমান সময়ের আক্রমণভাগের খেলোয়াড়রা আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সুরক্ষা পান। তার সময়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছ থেকে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো স্ট্রাইকারদের।

এই প্রসঙ্গে ব্রাজিলের জার্সিতে ৯৮ ম্যাচে ৬২ গোল করা রোনালদো হাসতে হাসতে বলেন, ‘আজকের স্ট্রাইকারদের জীবন আমাদের সময়ের চেয়ে সহজ। আমিও যদি এমন সুরক্ষা পেতাম, ভালো হতো। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। আমাদের প্রজন্মে অনেক নিষ্ঠুর খেলোয়াড় ছিল, অথচ কেউ আমাদের সুরক্ষা দিত না।’

Most Popular