গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে খুলনা অঞ্চল থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা।
আজ শনিবার বিকেল ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এরপর থেকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোনো বাস গোপালগঞ্জ হয়ে ঢাকায় আসছে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় বিকেল থেকে মাওয়া রুটে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।
গল্লামারী ব্যাংকপাড়ার বাসিন্দা বাসুদেব বিশ্বাস জানান, ঢাকার আর্মি মিউজিয়ামে একটি সভায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় এবং টিকিট না পাওয়ায় তিনি যেতে পারেননি।
খুলনাকেন্দ্রিক ইমাদ পরিবহনের দৌলতপুর শাখার টিকিট বিক্রয়কর্মী তন্ময় বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
কবে নাগাদ এ পথে বাস চলাচল আবার শুরু হবে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
তবে রোববার সকাল থেকে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হবে বলে জানিয়েছেন খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান।
তিনি বলেন, বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বাগেরহাটের মোল্লাহাটেও মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকেরা তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। বিকেল ৪টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
গত ১৮ নভেম্বরও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাসে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর পরিবহন মালিকেরা বাস চলাচল বন্ধ রেখেছিলেন।
