আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসার পর দেশের ক্রিকেটে তৈরি হয়েছে বিস্ময়।
সাম্প্রতিক সময়ে মুশফিকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর সবশেষ ১১ টেস্ট ইনিংসে তার সংগ্রহ ২৯৯ রান, গড় ২৯.৯০। সর্বোচ্চ ৮১ রান করেছেন গত অক্টোবরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে। এই সময়ে এটিই ছিল তার একমাত্র ফিফটি।
এছাড়া, আঙুল ও কুঁচকির চোটের কারণে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্টে খেলতে পারেননি মুশফিক। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর বাংলাদেশের ১৩০ টেস্টের মধ্যে ১০৮টিতেই খেলা এই অভিজ্ঞ ব্যাটারের দীর্ঘ ক্যারিয়ারে এমন অনুপস্থিতি বিরল।
মুশফিকের অবসরের সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার ধারণা, সাম্প্রতিক সময়ে বেহাল ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তৈরি হওয়া সমালোচনাই হয়তো প্রত্যাশিত সময়ের আগেই অবসরের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে মুশফিককে। অথচ আগামী ২০২৭ সাল পর্যন্ত মুশফিককে টেস্ট দলের পরিকল্পনায় রেখেছিলেন নির্বাচকরা।
কাতার থেকে দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে হাবিবুল বলেন, ‘বিষয়টি আমাকে কিছুটা হতাশ করেছে। কারণ, গত কয়েক দিনে যা ঘটেছে, সেসব তাকে এখনই এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে কি না, তা আমি জানি না।’
মুশফিককে নিয়ে সাম্প্রতিক নেতিবাচক আলোচনা প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘মুশফিককে নিয়ে বেশ কিছু কথা হচ্ছিল। আমি আশা করেছিলাম, সে (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের) এই চক্রটা (২০২৫-২৭) শেষ করবে, (আগামী মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে) লর্ডস টেস্ট পর্যন্ত খেলবে, এরপর অবসর নেবে… কিংবা বলা ভালো, তখন অবসরের বিষয়টি নিয়ে ভাববে। আমি সরাসরি অবসরের কথা বলছি না। আমার প্রত্যাশা ছিল, এই চক্র শেষ করার পর সে বিষয়টি নিয়ে ভাববে।’
মুশফিককে নিয়ে নির্বাচক প্যানেলের পরিকল্পনার কথা জানিয়ে হাবিবুল বলেন, ‘এরপর আমি তার সঙ্গে কথা বলতাম, জানতে চাইতাম— তার (ভবিষৎ) পরিকল্পনা কী। দেখুন, মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের গড় প্রায় ৩৮ (৩৮.৮০)। আর এ বছর তার গড় প্রায় ৩৯ (৩৯.৪২)। অথচ আমরা কী করেছি? মাত্র দুটি (ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ম্যাচ খেলার পরই তাকে নিয়ে অনেক প্রশ্ন তুলতে শুরু করেছি। এটা খুবই দুঃখজনক।’
সাবেক এই অধিনায়কের মতে, মুশফিকের অবদান শুধু ব্যাটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব, সতীর্থদের প্রতি সহযোগিতা এবং বাংলাদেশের টেস্ট সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকার কথাও তুলে ধরেন প্রধান নির্বাচক, ‘মুশফিক শুধু খেলেছে, এমন না। আমার কাছে সে এত গুরুত্বপূর্ণ ছিল শুধু ব্যাটিংয়ের কারণে নয়। মাঠের বাইরেও পুরো দলের জন্য অনেক কিছু করেছে, যা আমি বুঝেছি ও দেখেছি। অন্য খেলোয়াড়দের অনেক সাহায্য করেছে সে। দলের জন্য তার উপস্থিতি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তার শূন্যস্থান পূরণ করা প্রায় অসম্ভবের মতো। সে এমনই একজন ব্যক্তিত্ব। শুধু ব্যাটিংয়ের জন্য নয়, দলের সঙ্গে তার উপস্থিতিও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।’
মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানালেও অবসরের সময়টা নিয়ে নিজের ভিন্ন ভাবনা জানান হাবিবুল, ‘সিদ্ধান্তটি একান্তই তার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার, তাই আমি অবশ্যই সেটিকে সম্মান করি। তবে আমার প্রত্যাশা ছিল, লর্ডস টেস্টের পর আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, এখন নয়।’
কাতারে অবস্থান করায় মুশফিকের সঙ্গে এই বিষয়ে এখনও সরাসরি কথা হয়নি হাবিবুলের। তবে বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটারকে ঘিরে সাম্প্রতিক আলোচনা তার ভালো লাগেনি, ‘সত্যি বলতে, আমি এখানে (কাতারে) আছি, তাই সেখানে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তবে তাকে ঘিরে যা ঘটছে, তাতে আমি খুব একটা খুশি ছিলাম না।’
সমালোচনার প্রসঙ্গে হাবিবুল আরও বলেন, ‘এরপরও আমরা তাকে নিয়ে প্রশ্ন তুলেছি। এমন কিছু কথা বলা হয়েছে, যা খুবই দুঃখজনক। ব্যক্তিগতভাবে বিষয়গুলো আমার একদমই ভালো লাগেনি। এসবের কারণেই সে এখনই এমন সিদ্ধান্ত নিয়েছে কি না, তা আমি জানি না। তবে নিঃসন্দেহে সে অসাধারণ একটি ক্যারিয়ার কাটিয়েছে। আগেও বলেছি, শুধু ব্যাটিং নয়, টেস্ট দলে তার উপস্থিতিও আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।’
বাংলাদেশ টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতার কারণে মুশফিকের ইতিবাচক অবদানগুলো আড়ালে পড়ে যাচ্ছে বলেও মনে করেন হাবিবুল, ‘সম্ভবত শেষদিকে আমাদের টেস্ট দল ভালো করতে পারেনি বলেই আমরা নেতিবাচক বিষয়গুলো বেশি মনে করছি। এটা স্বাভাবিক। তবে আমাদের সাফল্য এবং এই টেস্ট দল গড়ে ওঠার পেছনে মুশফিকুর রহিমের বিশাল অবদান রয়েছে।’
