ক্রিকেট মাঠের বাইরে দিয়ে ছুটে চলেছে মোটরসাইকেল। পেছনের আসনে বসা যাত্রী হঠাৎ দেখলেন, আকাশ থেকে একটি ক্রিকেট বল তার দিকেই নেমে আসছে। চালককে মাথা নিচু করতে বলে নিজে একটু উঠে দাঁড়ালেন। তারপর চলন্ত মোটরসাইকেল থেকেই এক হাতে লুফে নিলেন বলটি! অবিশ্বাস্য সেই ক্যাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সাধারণ এক সরকারি কর্মচারী রাতারাতি হয়ে উঠেছেন পরিচিত মুখ। তার ক্যাচ দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লিও। আর সেই মানুষটির নাম মেহরান খান, যিনি বলছেন, কয়েক সেকেন্ডের একটি ভিডিওই বদলে দিয়েছে তার জীবন।
ঘটনাটি গত মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকার মিঙ্গোরা শহরে। সেখানে চলছিল সোয়াত প্রিমিয়ার লিগের একটি ক্রিকেট ম্যাচ। কাজ শেষে বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন ২৭ বছর বয়সী মেহরান।
মাঠের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাটসম্যান আবরার লালা একটি উঁচু ছক্কা মারেন। সীমানা পেরিয়ে বলটি উড়ে আসছিল রাস্তার দিকে। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে ওই জায়গা অতিক্রম করছিলেন মেহরান।
বলটি নিজের দিকে আসতে দেখে মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নেন তিনি। মোটরসাইকেল থামানোর সময় ছিল না। তাই বন্ধুকে মাথা নিচু করতে বলে নিজেই উঠে এক হাতে ক্যাচটি লুফে নেন। বার্তা সংস্থা এএফপিকে মেহরান বলেছেন, ‘মোটরসাইকেল চালানো বন্ধুকে মাথা নিচু করতে বলেছিলাম। এরপর চলন্ত মোটরসাইকেলে একটু উঠে দাঁড়িয়ে ক্যাচটি ধরে ফেলি।’
মেহরানের কাছে এমন ক্যাচ অবশ্য একেবারে আকস্মিক সৌভাগ্য নয়। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিং ও ফিল্ডিংয়েও দক্ষ। এমনকি যে মাঠের বাইরে ক্যাচটি ধরেছেন, সেখানেও অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।
পাকিস্তানের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে কর্মরত মেহরান বলেন, ‘ছোটবেলা থেকেই ক্রিকেট খেলছি। এই মাঠেও অনেক ম্যাচ খেলেছি। ব্যাটসম্যান যখন ছক্কাটি মারলেন, তখন স্বাভাবিকভাবেই মনে হয়েছিল, ইশ্, বলটা যদি ধরতে পারতাম!’
সেই ইচ্ছা যে সত্যি হয়ে যাবে, তা হয়তো নিজেও ভাবেননি। কিন্তু বলটি হাতে জমার পর আনন্দের সীমা ছিল না তার, ‘ক্যাচটি ধরার পর কতটা আনন্দিত হয়েছিলাম, তা ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছিল, অসাধারণ কিছু একটা করে ফেলেছি।’
ঘটনার ভিডিও ধারণ করেছিলেন স্থানীয় একজন। পরে সেটি টিকটকে আপলোড করার পর দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রিকেটপ্রেমীরা বিস্ময় প্রকাশ করতে থাকেন ক্যাচটির ধরন দেখে।
তবে মেহরানের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্তটি এসেছে ব্রেট লির কাছ থেকে। অস্ট্রেলিয়ার সাবেক এই গতিতারকা নিজের ফেসবুক পেজে ক্যাচের ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘অবিশ্বাস্য ক্যাচ!’
ক্রিকেটের একজন কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত মেহরান, ‘আনন্দ ধরে রাখতে পারছিলাম না। একবার ভাবুন, আমি সাধারণ একজন ক্রিকেটার। অথচ ব্রেট লির মতো একজন কিংবদন্তি আমার ক্যাচের ভিডিও শেয়ার করেছেন! তিনি লিখেছেন, “অবিশ্বাস্য ক্যাচ!”’
ক্যাচটি ধরার পর আরও একটি মজার ঘটনা ঘটেছিল। মোটরসাইকেল তখনো মাঠের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল। ধারাভাষ্যকার বিষয়টি দেখে পুলিশকে অনুরোধ করেন মোটরসাইকেলটি থামিয়ে দুই আরোহীকে মাঠে নিয়ে আসতে।
পরে মেহরান মাঠে প্রবেশ করতেই তাকে ঘিরে শুরু হয় উচ্ছ্বাস, ‘আমি এমনিতেই খুব উত্তেজিত ছিলাম। এরপর মাঠে ঢোকার সময় ধারাভাষ্যকার ঘোষণা করলেন, মাঠের বাইরে যে লোকটি ক্যাচ ধরেছেন, তিনি এখন মাঠের ভেতরে। সঙ্গে সঙ্গে খেলোয়াড় ও দর্শকেরা সবাই হাততালি দিতে শুরু করলেন।’
অসাধারণ সেই ক্যাচের জন্য মেহরানকে ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার দিয়েছেন টুর্নামেন্টের আয়োজকেরা। তবে অর্থের চেয়ে মানুষের ভালোবাসা ও পরিচিতি পাওয়াটাকেই বড় প্রাপ্তি মনে করছেন তিনি, ‘কয়েক সেকেন্ডের একটি ভিডিও আমাকে এমন পরিচিতি এনে দিয়েছে, যা অনেকে বছরের পর বছর চেষ্টা করেও পান না। আমার জীবন পুরোপুরি বদলে গেছে। এখন বাইরে গেলেই মানুষ চিনতে পারে, আমার সঙ্গে সেলফি তুলতে চায়।’
এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি তার। বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। মেহরান বলেন, ‘সেদিন রাতে বাড়ি ফেরার পর পরিবারের সবাই আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছিল। এর আগে কেউ কখনো এভাবে আমার সঙ্গে সেলফি তুলতে চায়নি।’
তবে ক্যাচটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার কিছু মন্তব্যও দেখেছেন তিনি। অনেকে রসিকতা করে বলেছেন, বলটি নিয়ে পালিয়ে গেছেন মেহরান। সেই কথারও জবাব দিয়েছেন তিনি, ‘এটা সত্যি নয়। আমি পালিয়ে যাইনি। মাঠে গিয়ে টুর্নামেন্টের আয়োজকদের হাতে বলটি তুলে দিয়েছি।’
এখন অবশ্য সেই বলটিই স্মৃতি হিসেবে নিজের কাছে রাখতে চান মেহরান। আশা করছেন, আয়োজকেরা সেটি তাকে ফিরিয়ে দেবেন।
তার জীবনে এমন সৌভাগ্যের পেছনে আট মাস বয়সী মেয়েরও অবদান দেখছেন মেহরান। মেয়ের জন্মের পর থেকেই জীবনে একের পর এক ভালো ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি, ‘মেয়ের জন্মের পর থেকে আমার জীবনে একের পর এক ভালো ঘটনা ঘটছে। হয়তো ওর কারণেই এমন ক্যাচ ধরতে পেরেছি।’
