বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী শনিবার। ভোটের আর মাত্র এক দিন বাকি থাকলেও অনেক চা-শ্রমিকের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির অধিকাংশ প্রার্থীর সঙ্গে এখনো তাদের দেখাই হয়নি।
ভোটের আগেই যারা শ্রমিকদের কাছে আসেননি, নির্বাচিত হলে তারা অধিকার নিয়ে কতটা কাজ করবেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর দেশের ২৩১টি চা-বাগানে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা বলছেন, প্রচারণার সময় খুবই কম। এত অল্প সময়ে সব বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে দেখা করা কঠিন। অন্যদিকে বিশেষজ্ঞ ও শ্রমিকনেতারা মনে করেন, সমস্যার মূলে রয়েছে ইউনিয়নের কাঠামো। বিশাল এই পরিসরে একটি মাত্র কেন্দ্রীয় ইউনিয়ন থাকায় নেতাদের সঙ্গে শ্রমিকদের দূরত্ব বাড়ছে, কমছে জবাবদিহিও।
মুরইছড়া চা-বাগানের শ্রমিক কৌশল্যা উড়াং দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার বাগানে কেন্দ্রীয় কমিটির কোনো প্রার্থীকে আসতে দেখিনি। ভোটার হিসেবে প্রার্থীদের সরাসরি দেখে, তাদের কথা শুনে ভোট দিতে পারলে ভালো হতো। বিভিন্ন প্রার্থীর পক্ষে লোকজন এসে প্রচার চালাচ্ছেন, অথচ মূল প্রার্থীরাই আসছেন না।’
কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ জানান, বেশির ভাগ বাগানে প্রচারণা চালালেও এখনো কিছু বাগানে যাওয়া বাকি।
তিনি বলেন, ‘জনগণের কাছে নেতাদের জবাবদিহি জরুরি। নেতা যিনিই হোন, তাকে শ্রমিকদের কাছে যেতে হবে। তবে সময় কম হওয়ায় সব বাগানে পৌঁছানো কঠিন হচ্ছে। আধা ঘণ্টা বা এক ঘণ্টার জন্য হলেও প্রতিটি বাগানে যাওয়ার চেষ্টা করছি।’
আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা জানান, ইতোমধ্যে তিনি প্রায় ৮০ শতাংশ বাগানে প্রচারণা চালিয়েছেন। প্রতিটি চা-বাগানে নিজস্ব কমিটি ও সাংগঠনিক কার্যক্রম থাকায় প্রচারণার জন্য অন্তত এক মাস সময় দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘অনেক প্রার্থীকে শ্রমিকেরা চেনেন না, নামও জানেন না। তাই ভোটারদের কাছে পৌঁছানোর আগে পরিচিতি তৈরি জরুরি। আমি নিজেই সিলেটের অনেক বাগানে যেতে পারিনি, এখন যাওয়ার চেষ্টা করছি।’
চা-শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস ডেইলি স্টারকে বলেন, ‘প্রকৃত শ্রমিকদের মধ্য থেকে যারা প্রার্থী হয়েছেন, তাদের পক্ষে সীমিত মজুরি দিয়ে সারা দেশের বাগানে ঘুরে প্রচারণা চালানো প্রায় অসম্ভব। প্রায় আট বছর পর হঠাৎ করে নির্বাচনের আয়োজন করায় শ্রমিকেরা প্রকৃত প্রতিনিধি চেনার সুযোগ পাননি। মজুরি আন্দোলনকে আড়াল করতেই তড়িঘড়ি করে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।’
ইউনিয়নের কাঠামো ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন। ভারত ও শ্রীলঙ্কার উদাহরণ টেনে তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় চা-শ্রমিকদের ৭০টি ইউনিয়ন রয়েছে, যার মধ্যে চারটি অত্যন্ত শক্তিশালী এবং তারা শ্রমিকদের স্বার্থে আপস করে না। বাংলাদেশে একটি বিশাল ইউনিয়নের মাধ্যমে সব শ্রমিকের স্বার্থ রক্ষা করা কঠিন। ইউনিয়নকে কার্যকর করতে হলে শ্রমিকদের আরও সংগঠিত হওয়ার সুযোগ দিতে হবে।’
বর্তমান নির্বাচনব্যবস্থা ও কেন্দ্রীয়করণের সমালোচনা করেছেন শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি তপন দত্ত। তার মতে, জেলা বা আঞ্চলিক পর্যায়ে সংগঠনের সুযোগ না রেখে কেন্দ্রীয়ভাবে পরিচালনার এই ব্যবস্থার পরিবর্তন জরুরি।
তপন দত্ত বলেন, ‘অতীতে বিরোধী দলে থাকা রাজনৈতিক দলগুলোও এই ব্যবস্থার সমালোচনা করেছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে তারাও তা বদলায়নি। শ্রমিকদের অধিকার রক্ষায় ইউনিয়নকে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করতে হবে। নিয়মিত নির্বাচন ও অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৬৯ নম্বর কনভেনশনের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।’
