ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি পোশাক কারখানায় ঢুকে ভাঙচুর, কর্মীদের মারধর ও চুরির অভিযোগে মামলা হয়েছে। এতে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৬০০ জনকে আসামি করা হয়েছে।
হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেডের অ্যাডমিন ও এইচআর বিভাগের ম্যানেজার মো. নুরুল আমিন গতকাল এ মামলা করেন বলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল সকালে বহিরাগত কিছু শ্রমিক ওই কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে ও কর্মীদের মারধর করে। সেসময় প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষীরা চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মোশাররফ হোসেন বলেন, আটক চারজন পোশাকশ্রমিক বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
৭ কারখানায় কর্মবিরতি
এদিকে, ন্যূনতম মজুরি ঘোষণার পরও থেমে নেই শ্রমিকদের আন্দোলন। আজ সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া ডেইলি স্টারকে জানান, সকাল থেকে মোট ৭ কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এ ছাড়া আন্দোলনের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা ২২টি কারখানা আজও বন্ধ রয়েছে।
এর বাইরে সচল থাকা অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
