Saturday, November 28, 2026
Homeখেলাফাউল করছেন একজন, কার্ড দেখছেন আরেকজন, ম্যাচের মাঝেই বদল 'মাতাল' রেফারির

ফাউল করছেন একজন, কার্ড দেখছেন আরেকজন, ম্যাচের মাঝেই বদল ‘মাতাল’ রেফারির

ফাউল করেছেন এক খেলোয়াড়, অথচ হলুদ কার্ড দেখানো হলো গোলরক্ষককে! ঘটনাস্থল থেকে অনেক দূরে থাকা গোলরক্ষকও বুঝতে পারছিলেন না, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এমন অদ্ভুত সিদ্ধান্তে হতবাক দুই দলের ফুটবলাররাও। শেষ পর্যন্ত রেফারির আচরণ নিয়ে উঠল গুরুতর অভিযোগ, মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনা করছেন তিনি! বাধ্য হয়ে বিরতির সময়ই বদলে ফেলতে হয় রেফারিকে। এএফসি চ্যাম্পিয়নস লিগ টুতে এমনই এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছেন সিরিয়ার রেফারি হান্না হাত্তাব।

বুধবার আবুধাবিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের আল জাজিরা ও ইরানের গোল গোহর। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিক আল জাজিরা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে প্রথমার্ধে রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এবং বিরতিতে তাকে বদলে দেওয়ার ঘটনা।

ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড়দের অসন্তোষ থাকলেও সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটে ৩২ মিনিটে। মাঝমাঠের কাছে গোল গোহরের ফুটবলার আলী আসগর আশুরিকে ফাউল করা হয়। রেফারি খেলা থামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন। এরপর সবাইকে অবাক করে দিয়ে আল জাজিরার গোলরক্ষক এরসিন দেস্তানোগলুকে ডেকে হলুদ কার্ড দেখান তিনি।

অথচ যে জায়গায় ফাউলটি হয়েছিল, সেখান থেকে অনেক দূরে ছিলেন গোলরক্ষক। ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতাও ছিল না।

রেফারির এমন সিদ্ধান্তে বিস্মিত হয়ে পড়েন আল জাজিরার খেলোয়াড়েরা। গোলরক্ষক নিজেও প্রতিবাদ জানান। সিদ্ধান্তটি নিয়ে কয়েক মিনিট ধরে খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত চতুর্থ রেফারির সঙ্গে আলোচনা করে গোলরক্ষকের হলুদ কার্ড প্রত্যাহার করেন হাত্তাব।

কিন্তু ততক্ষণে রেফারির আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। গোল গোহরের কোচ মেহদি রহমতি একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে চিৎকার করে বলেন, ‘রেফারি মাতাল!’

ইরানি ক্লাবটির কর্মকর্তারাও অভিযোগ করেন, রেফারি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। গোল গোহরের কর্মকর্তা হায়দার আফসারি ম্যাচ শেষে বলেন, ‘আল জাজিরার বিপক্ষে ম্যাচের রেফারি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এমনকি আল জাজিরার খেলোয়াড়েরাও আমাদের একই কথা বলেছেন।’

শুধু গোলরক্ষককে ভুল করে হলুদ কার্ড দেখানোর ঘটনাই নয়, রেফারির শাস্তি দেওয়ার প্রক্রিয়া নিয়েও অভিযোগ তুলেছে গোল গোহর। আফসারির দাবি, আল জাজিরার ৭৭ নম্বর জার্সিধারী ফুটবলার জোয়াও মিলসন দ্বিতীয়বার শাস্তিযোগ্য ফাউল করেছিলেন। সেই ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে তার মাঠ ছাড়ার কথা ছিল। কিন্তু রেফারি ভুল করে গোলরক্ষককে হলুদ কার্ড দেখান।

আফসারি বলেন, ‘আল জাজিরার ৭৭ নম্বর খেলোয়াড় জোয়াও মিলসনের দ্বিতীয় ফাউলের পর মাঠ থেকে বহিষ্কৃত হওয়ার কথা ছিল। কিন্তু রেফারি কার্ডটি গোলরক্ষকের নামে নথিভুক্ত করেন।’

এমন পরিস্থিতিতে রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানায় গোল গোহর। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, হাত্তাব দ্বিতীয়ার্ধেও ম্যাচ পরিচালনা করলে তারা আর মাঠে নামবে না।

আফসারি বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গেই ম্যাচ কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। সতর্ক করে বলেছি, পরিস্থিতি একই থাকলে আমরা আর খেলব না। এএফসিকে অভিযোগ জানানোর পর রেফারিকে বদলে দেওয়া হয়।’

শেষ পর্যন্ত বিরতির সময়ই হাত্তাবকে সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ার্ধে মূল রেফারির দায়িত্ব পালন করেন চতুর্থ কর্মকর্তা আম্মার আবু আলু। তবে হাত্তাব সত্যিই মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এএফসিও রেফারি পরিবর্তনের আনুষ্ঠানিক কারণ জানায়নি। 
 

Most Popular