Wednesday, November 25, 2026
Homeখেলাফের উইকেট বিলিয়ে বিদায় নিলেন তানজিদ-মুমিনুল

ফের উইকেট বিলিয়ে বিদায় নিলেন তানজিদ-মুমিনুল

শুরুটা হয়েছিল ভালো, এমনকি ২৪ বছরের রেকর্ড ভেঙে দক্ষিণ আফ্রিকার মাঠে সেরা উদ্বোধনী জুটি পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটা টেনে নেওয়া গেল না। আলগা শটে বিদায় নিলেন তানজিদ হাসান তামিম আর মুমিনুল হক।

২০০২ সালে পচেফস্ট্রমে হান্নান সরকার আর আল-শাহরিয়ার রোকন মিলে গড়েছিলেন ৫২ রানের উদ্বোধনী জুটি। দক্ষিণ আফ্রিকায় সেটাই ছিল বাংলাদেশের সেরা জুটি। এতে বোঝা যায় কতটা ভুগেছেন বাংলাদেশের ওপেনাররা।

এবার সেই জুটি ভেঙে ৫৮ রানের জুটি পেয়ে যান তানজিদ আর মাহফিজুল ইসলাম রবিন। রবিন ২২ রানে ক্যাচ দিয়েও বাঁচেন একবার। শুরুতে সতর্ক থাকা তানজিদ পরে ডানা মেলার চেষ্টায় ছিলেন। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনকে সামলে নিলেও ভিয়ান মুল্ডারের নিরীহ এক বলে দেন আত্মাহুতি। আউট হন ২৯ করে। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন। তবে এরপর টানা ব্যর্থতা। ৪ ইনিংসে ২৫.৭৫ গড়ে ১০৩ রান করলেন তিনি। একজন ওপেনারের কাছ থেকে এ রকম গড় প্রত্যাশিত নয়।

অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে ক্যাচ দেন কিপারের হাতে। দক্ষিণ আফ্রিকায় দুঃসহ অভিজ্ঞতা লম্বা করে খানিক পর মুল্ডারের শিকার মুমিনুলও। লেগ স্টাম্পের বাইরের বল গ্লাভস ছুঁইয়ে তিনি হাঁটা ধরেন। প্রথম ইনিংসে ১৯ করতে পারলেও এবার ফেরেন খালি হাতে।

দক্ষিণ আফ্রিকা সফরে এটা তার দ্বিতীয় শূন্য। প্রথম টেস্টে জোহানেসবার্গে আউট হয়েছিলেন ০ ও ১ রানে। চার ইনিংস মিলিয়ে বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার করতে পারলেন মোটে ২০ রান।

বিনা উইকেটে ৫৮ থেকে ৫৮ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ দল। ইনিংস হার এড়াতে এখনও চাই ৩৪০ রান।

 

Most Popular