নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা করে একজন প্রার্থীকে বেশি নম্বর দিয়ে রেলের চাকরি পাইয়ে দেওয়ার মামলায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপকসহ দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে নিয়োগ পাওয়া সেই ব্যক্তি খালাস পেয়েছেন।
আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়া। এদের মধ্যে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
অন্যদিকে, নম্বর জালিয়াতির সুবিধা নিয়ে রেকর্ড কিপার পদে চাকরি পাওয়া মো. সরোয়ার হোসেনকে দুদকের করা মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
তিনি বলেন, রায়ের সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদটিতে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নে উত্তীর্ণ হন চার জন।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, চার জনের মধ্যে উত্তীর্ণ মো. ইব্রাহিম খলিল লিখিত পরীক্ষায় ৪৬ নম্বর পান। তবে তার নম্বর ঘষামাজা করে ৪০ করা হয়। মৌখিকে পান ২২। সবমিলিয়ে তার নম্বর করা হয় ৬২। বিপরীতে নিয়োগ পাওয়া সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫। কিন্তু তা বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। মৌখিক পরীক্ষায় তাকে দেওয়া হয় ২৮। এতে তার মোট নম্বর হয় ৬৫ দশমিক ৫। তাকে নিয়োগের সুপারিশ করা হলে তা অনুমোদন করেন তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। অথচ চাকরি পাওয়ার কথা ছিল মো. ইব্রাহিম খলিলের।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
নম্বর বাড়িয়ে চাকরি পাওয়ার পরও সরোয়ার হোসেনকে কেন খালাস দেওয়া হয়েছে, জানতে চাইলে দুদকের পিপি এনামুল ইসলাম বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর খালাসের কারণ জানা যাবে।
