Sunday, November 22, 2026
Homeখেলাঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি!

ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি!

সিলেটে মাঠ আছে, উইকেট আছে, আছে ইনডোরও। কোচদের বেতনও দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাহলে সেখানে একটি ক্রিকেট একাডেমি চালু করতে আর কী লাগে? বিসিবি সভাপতি তামিম ইকবালের উত্তর, ‘বল আর কাপড়।’

সিলেটের উদাহরণ টেনেই ঢাকার বাইরে বিসিবির নিজস্ব একাডেমি গড়ার পরিকল্পনার কথা জানালেন তামিম। শুরুতে ছয়-সাতটি শহরে একসঙ্গে একাডেমি চালু করতে চান তিনি। সেখানে বাছাই করা খুদে ক্রিকেটাররা বিনা খরচে প্রশিক্ষণ নেবে বিসিবির কোচদের অধীনে। ২৮ তারিখের বোর্ড সভায় প্রস্তাবটি তুলবেন তামিম। অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যেই কার্যক্রম শুরুর আশা তার।

সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি এল জাতীয় দলের টানা নয় ম্যাচে জয় না পাওয়া নিয়ে এক প্রশ্নে। দলের ফল নিয়ে সমালোচনা নিতে আপত্তি নেই তামিমের। তবে দায়িত্ব নেওয়ার সময় থেকেই তার ভাবনায় ছিল, পরের প্রজন্মের ক্রিকেটাররা কোথায়, কীভাবে তৈরি হবে। সেই প্রসঙ্গেই জানালেন, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া কিংবা বরিশালের মতো শহরে বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়েই একাডেমি চালানো সম্ভব। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিসিবির বেতনভুক্ত কোচরাই সেখানে প্রশিক্ষণ দিতে পারবেন।

কী বদল আসবে তাতে? বয়সভিত্তিক ক্রিকেটের উদাহরণ দিয়ে তামিম বললেন, ‘এক সপ্তাহ আগে তাদের বয়স চেক করে, এক সপ্তাহের মধ্যে তারা খেলা শুরু করে দেয়। আমি এই প্রক্রিয়াটা যদি চার মাস আগে শুরু করি? চার মাস আগে তাদের বয়স চেক করব, চার মাস ধরে ওরা বিসিবি একাডেমিসগুলা বিভিন্ন জায়গায় একাডেমিসগুলা ট্রেনিং নিবে। তারপরে তারা খেলতে যাবে।’

একাডেমিগুলো হবে অনাবাসিক। শহর ও আশপাশের এলাকা থেকে ছেলেরা অনুশীলনে আসবে, অনুশীলন শেষে বাড়ি ফিরে যাবে। পড়াশোনার কথা মাথায় রেখে বৃহস্পতি, শুক্র ও শনিবার একাডেমি চালানোর পরিকল্পনা আছে। কতজনকে বাছাই করা হবে, সেই হিসাব এখনো চূড়ান্ত হয়নি। তবে সুযোগ পাওয়া ক্রিকেটারদের খরচ নিয়ে তামিমের কথা, ‘আর ইট উইল বি অ্যাবসোলিউটলি কমপ্লিটলি ফ্রি।’

বিসিবি নিজেই একাডেমি চালু করলে স্থানীয় একাডেমিগুলোর কী হবে? তামিম মনে করেন, সেখান থেকে কোনো ক্রিকেটার বিসিবির একাডেমিতে সুযোগ পেলে লাভ হবে ওই প্রতিষ্ঠানেরও। তার কথায়, ‘চিটাগংয়ে একটা লোকাল একাডেমির থেকে দুইটা ছেলে যদি বিসিবি একাডেমিতে সিলেক্টেড হয়, ওই লোকাল একাডেমির জন্য কিন্তু এটা একটা বড় প্রাউডের ব্যাপার।’ সেই দুজনকে দেখে আরও অভিভাবক ওই একাডেমিতে সন্তানকে পাঠাতে আগ্রহী হবেন বলেই তার বিশ্বাস।

শুরুটা কয়েকটি শহরে হলেও তামিমের ইচ্ছা দেশের সব জেলায় একাডেমি গড়া। সে জন্য জেলাগুলোর কাছ থেকেও উদ্যোগ চান তিনি। কোথাও মাঠ আছে, কিন্তু ইনডোর নেই, সেই জেলায় ইনডোর গড়ে উঠলে সেখানেও একাডেমি খোলার সুযোগ দেখছেন বিসিবি সভাপতি। তার কথায়, ‘আমি তো চাইব ৬৪টা হোক। … বাট ৬৪ হওয়ার জন্য তো ওই মিনিমাম ফ্যাসিলিটিজটা তো আমার দরকার হবে।’

Most Popular