বয়স ত্রিশের কোঠায় পৌঁছানোর আগেই ছয় কন্যাসন্তানের মা হয়েছেন তামান্না আক্তার। মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়নের এই নারীর বিয়ের এক দশকের বেশি সময় পেরিয়ে গেছে। ছেলের আকাঙ্ক্ষা থেকে গত বছরের শুরুর দিকে সপ্তম সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তামান্না ও তার স্বামী মুসাহিদ মিয়া।
অন্তঃসত্ত্বা হওয়ার পর তামান্নার নানা শারীরিক জটিলতা দেখা দেয়। উন্নত চিকিৎসার আশায় তার ভাইয়েরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরই গত বছরের ২৪ ডিসেম্বর মারা যান তামান্না। তিন দিন পর মারা যায় নবজাতকটিও।
নাজিরাবাদ ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সরবানন্দ রায় জানান, সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তামান্নার মৃত্যু হয়।
‘অপরিকল্পিত গর্ভধারণ ও অপুষ্টির কারণে তামান্না ঝুঁকিতে ছিলেন,’ বলেন তিনি।
তামান্নার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশে সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ এখনো মাতৃমৃত্যুর প্রধান কারণ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ বা পোস্টপার্টাম হেমোরেজ (পিপিএইচ) বলা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের এক পর্যালোচনায় দেখা গেছে, গত বছর বিশ্লেষণ করা ৩১৫টি মাতৃমৃত্যুর প্রায় ৪৪ শতাংশের কারণ ছিল এই রক্তক্ষরণ।
অন্যদিকে, নবজাতকের মৃত্যুর প্রধান কারণ জন্ম সময় শ্বাসরুদ্ধ হওয়া বা অক্সিজেনের অভাব। জন্মের সময় বা ঠিক আগে-পরে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় এই সমস্যা হয়। এছাড়া অপরিণত অবস্থায় জন্ম নেওয়ার কারণে সৃষ্ট জটিলতাও নবজাতকের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ।
ন্যাশনাল ম্যাটারনাল অ্যান্ড পেরিনেটাল ডেথ সার্ভেইল্যান্স অ্যান্ড রেসপন্স (এমপিডিএসআর)-এর ২০২৫ সালের অগ্রগতি ও অর্জনবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে এ পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে। এতে সহায়তা দিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
দেশের ৬৪ জেলা থেকে ডিস্ট্রিক্ট হেলথ ইনফরমেশন সফটওয়্যার-২ (ডিএইচআইএস-২)-এ আসা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
গত বছর এই সফটওয়্যারে ১ হাজার ২৫২ জন মায়ের ও ৫ হাজার ৪০৩ নবজাতকের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, অনেক মৃত্যুর তথ্যই হয়তো নথিভুক্ত হয়নি।
এসব ঘটনার মধ্যে ১১ জেলার ৩১৫টি মাতৃমৃত্যু ও ৫৪৭টি নবজাতকের মৃত্যুর বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। মৃত্যুর কারণ, স্থান ও সময়, সন্তান জন্মদানের পদ্ধতি এবং কোথায় সন্তান জন্ম হয়েছে, এসব বিষয় পর্যালোচনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর গত জুনে এই প্রতিবেদন প্রকাশ করে।
বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২৩-এর তথ্য অনুযায়ী, দেশে প্রতি লাখ জীবিত শিশুর জন্মের বিপরীতে মাতৃমৃত্যুর হার ১৩৬। আর প্রতি এক হাজার জীবিত শিশুর জন্মের বিপরীতে নবজাতকের মৃত্যুর হার ২০।
২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭০-এর নিচে এবং নবজাতকের মৃত্যুর হার ১২-তে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে বাংলাদেশের।
২০২০ সালের তুলনায় ২০২৫ সালে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর ক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ এবং জন্মের সময় শ্বাসরুদ্ধ হওয়ার হার বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্লেষণ করা ২৬৫টি মাতৃমৃত্যুর মধ্যে ৩৪ শতাংশের কারণ ছিল প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ। একই বছর বিশ্লেষণ করা ২৬৮টি নবজাতকের মৃত্যুর ৩৬ শতাংশের কারণ ছিল জন্মের সময় শ্বাসরুদ্ধ হওয়া।
২০২৫ সালে বিশ্লেষণ করা ৩১৫টি মাতৃমৃত্যুর মধ্যে ৪৪ শতাংশের কারণ ছিল অতিরিক্ত রক্তক্ষরণ। এছাড়া খিঁচুনিসহ উচ্চ রক্তচাপজনিত জটিলতা প্রি-এক্লাম্পসিয়া ও এক্লাম্পসিয়ায় মারা গেছেন প্রায় ২০ শতাংশ মা।
পর্যালোচনায় দেখা গেছে, মায়েদের প্রায় ৬৬ শতাংশের মৃত্যু হয়েছে সন্তান জন্ম দেওয়ার ছয় সপ্তাহের মধ্যে। আর ১৯ শতাংশের মৃত্যু হয়েছে সন্তান জন্ম দেওয়ার সময়।
সন্তান জন্ম দেওয়ার স্থানও মাতৃমৃত্যুর ঝুঁকির বড় কারণ হিসেবে উঠে এসেছে। মারা যাওয়া নারীদের প্রায় ৪২ শতাংশ বাড়িতে সন্তান জন্ম দিয়েছিলেন। এসব প্রসবের প্রায় ৪৫ শতাংশ করিয়েছিলেন ধাত্রীরা। তাদের অনেকেরই প্রাতিষ্ঠানিক চিকিৎসা প্রশিক্ষণ ছিল না।
এছাড়া প্রায় ৩৫ শতাংশ মা সন্তান জন্ম দেওয়ার পর কোনো ধরনের স্বাস্থ্যসেবা পাননি।
অন্তত ১৮ শতাংশ মায়ের মৃত্যু হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে।
নবজাতকের মৃত্যুর ক্ষেত্রেও জন্মের সময় শ্বাসরুদ্ধ হওয়া প্রধান কারণ। পর্যালোচনায় দেখা গেছে, নবজাতকের মৃত্যুর ৪৩ শতাংশের জন্য দায়ী ছিল এ সমস্যা।
এছাড়া অপরিণত অবস্থায় জন্ম নেওয়া এবং এ কারণে সৃষ্ট বিভিন্ন জটিলতায় মারা গেছে ২৮ শতাংশ নবজাতক।
মৃত্যুর আগে অনেক নবজাতকের শরীরে বিপদের লক্ষণ দেখা গিয়েছিল। প্রায় ৩৯ শতাংশ নবজাতকের দুধ খেতে সমস্যা হচ্ছিল। ৩৪ শতাংশের শ্বাস-প্রশ্বাস ছিল দ্রুত। আর ১৭ শতাংশের নড়াচড়া ছিল খুব কম, কারও ক্ষেত্রে একেবারেই ছিল না।
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম বলেন, সন্তান জন্ম দেওয়ার পর জরায়ু ঠিকমতো সংকুচিত না হলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। এটাই প্রসব-পরবর্তী রক্তক্ষরণের অন্যতম প্রধান কারণ।
এছাড়া প্রসবের সময় জন্মনালি বা আশপাশের অংশে আঘাত লাগলেও অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। রক্ত জমাট বাঁধার সমস্যাও এর একটি কারণ।
ঘন ঘন গর্ভধারণ, খুব কম বা বেশি বয়সে সন্তান নেওয়া এবং রক্তস্বল্পতা মায়েদের ঝুঁকি বাড়িয়ে দেয় বলে জানান তিনি।
প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঠেকাতে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন অধ্যাপক ফেরদৌসী।
তিনি বলেন, সন্তান জন্ম দেওয়ার সময় কতটা রক্তক্ষরণ হচ্ছে, তা পরিমাপ করতে হবে। প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি রক্তক্ষরণ দ্রুত শনাক্ত ও বন্ধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা ‘ইমোটিভ’ পদ্ধতি অনুসরণ করতে হবে।
এ জন্য কার্যকর রক্তব্যাংক, জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা, উন্নত রোগী স্থানান্তরব্যবস্থা ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী থাকা জরুরি।
এক্লাম্পসিয়া ও প্রি-এক্লাম্পসিয়ায় মায়ের মৃত্যুর পেছনেও মূলত রোগ শনাক্ত ও চিকিৎসায় দেরি হওয়ার বিষয়টি দায়ী বলে জানান তিনি।
তার মতে, নিয়মিত গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করলে প্রি-এক্লাম্পসিয়া আগে ভাগে শনাক্ত করা সম্ভব। বিশেষ করে রক্তচাপ নিয়মিত মাপা জরুরি।
অধ্যাপক ফেরদৌসী বলেন, দেশের অনেক স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ নেই। পর্যাপ্ত প্রশিক্ষণ ও সহায়ক ব্যবস্থা না থাকায় স্বাস্থ্যকর্মীরাও অনেক সময় জরুরি ওষুধ দিতে বা সংকটাপন্ন রোগীর প্রয়োজনীয় চিকিৎসা দিতে দ্বিধা করেন।
তিনি আরও বলেন, ‘প্রশিক্ষিত জনবলের সংকট, পর্যাপ্ত তদারকি ও প্রশিক্ষণের অভাব, দুর্বল রোগী স্থানান্তরব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা হাসপাতালের কারণে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।’
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, নবজাতকের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে জন্মকালীন শ্বাসরুদ্ধতা, অপরিণত অবস্থায় জন্ম এবং এর ফলে সৃষ্ট নানা জটিলতা।
জন্মকালীন শ্বাসরুদ্ধ হওয়া সম্পর্কে তিনি বলেন, জন্মের সময় বা ঠিক আগে-পরে নবজাতক পর্যাপ্ত অক্সিজেন পায় না। ফলে জন্মের পরপরই তার স্বাভাবিকভাবে শ্বাস নিতে সমস্যা হয়।
দীর্ঘ সময় ধরে প্রসব চলা, প্রসবের পথে বাধা সৃষ্টি হওয়া, বাড়িতে সন্তান জন্ম দেওয়া এবং অপ্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে প্রসব করানো, এসব কারণে এ সমস্যা হতে পারে।
এছাড়া গর্ভকালীন সেবার ঘাটতি ও কিশোরী বয়সে গর্ভধারণও ঝুঁকি বাড়ায়।
মায়ের উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হৃদরোগের মতো শারীরিক সমস্যাও নবজাতকের এ ধরনের জটিলতার ঝুঁকি বাড়াতে পারে বলে জানান তিনি।
এসব মৃত্যু ঠেকাতে গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা বাড়ানো এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে সন্তান জন্ম নিশ্চিত করার ওপর জোর দেন অধ্যাপক মান্নান।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, মাতৃ ও নবজাতকের মৃত্যু কমাতে গর্ভকালীন এবং সন্তান জন্মের পরের স্বাস্থ্যসেবা জোরদার করার পরিকল্পনা নিয়েছে সরকার।
গত ১৩ নভেম্বর দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘আমরা এখন শূন্য পদ পূরণ, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণের সরবরাহ নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছি।’
প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নত করতে সরকার প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। তাদের ৮০ শতাংশই হবেন নারী।
নতুন স্বাস্থ্যকর্মীরা প্রতি দুই মাসে একবার বাড়ি বাড়ি যাবেন। তারা স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবেন এবং সচেতনতা বাড়াবেন। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, এমন নারীদের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া উপজেলা পর্যায়ে মাতৃস্বাস্থ্যসেবা উন্নত করতে বিশেষজ্ঞ চিকিৎসক, কারিগরি কর্মী ও প্রয়োজনীয় রোগ নির্ণয়ের সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আলট্রাসনোগ্রাফি যন্ত্রের ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি।
(এ প্রতিবেদন প্রস্তুত করতে দ্য ডেইলি স্টারের মৌলভীবাজার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা সহায়তা করেছেন।)
