রাজধানীর কারওয়ান বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচামরিচের দাম কমে কেজি ১৬–১৮ টাকায় নেমেছে। অথচ নগরীর বিভিন্ন মহল্লার বাজারে সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০–১২০ টাকা কেজি দরে।
আজ শুক্রবার কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬-১৮ টাকায়। খুচরা পর্যায়েও দাম প্রায় ২০ টাকা কেজি।
কাঁচামরিচ ব্যবসায়ী রায়হান ইসলাম রাজু দ্য ডেইলি স্টারকে বলেন, চাহিদার তুলনায় বাজারে কাঁচামরিচের সরবরাহ অনেক বেশি। এ কারণে দাম কমে গেছে। অতিরিক্ত সরবরাহের কারণে অনেক কাঁচামরিচ নষ্ট হচ্ছে।
তিনি বলেন, আজ সকালে ১৮ টাকা দরে ৩০০ কেজি কাঁচামরিচ কিনেছি। এখন তা ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করছি।
রায়হান ইসলাম বলেন, মেহেরপুর, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা থেকে কাঁচামরিচ আসছে কারওয়ান বাজারে। এসব মরিচে বাজার ভরে গেছে।
তবে পাইকারি বাজারের তুলনায় মহল্লার বাজারগুলোতে কাঁচামরিচের দাম অনেক বেশি।
ইব্রাহিমপুর বাজারে ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০ টাকায়, অর্থাৎ কেজি ৮০ টাকা। অন্যদিকে, কচুক্ষেত বাজারে একই পরিমাণ কাঁচামরিচের দাম ৩০ টাকা, অর্থাৎ কেজি ১২০ টাকা।
কচুক্ষেত বাজারে কাঁচামরিচের দাম বেশি কেন, জানতে চাইলে এক বিক্রেতা বলেন, সব কাঁচামরিচের মান এক নয়। আমরা ভালো মানের মরিচ বিক্রি করছি।
আজ সকালে ইব্রাহিমপুর বাজারে বিভিন্ন সবজি কেনার পর মো. মমিন আলী ২০ টাকায় ২৫০ গ্রাম কাঁচামরিচ কেনেন।
পরে কাঁচামরিচের দাম এত বেশি কেন, জানতে চাইলে বিক্রেতা বলেন, কাঁচামরিচের দাম কম হলে তো আমাদের কিছু করার নেই।
শেওড়াপাড়ার এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন ইয়াকুব আলী।
তিনি বলেন, আমি ২৫-৩০ ধরনের সবজির পাশাপাশি ধনেপাতা ও কাঁচামরিচ বিক্রি করি। সারা দিনে পাঁচ কেজির মতো কাঁচামরিচ বিক্রি হয়, আর ধনেপাতা বিক্রি হয় তিন কেজি। অন্যান্য সবজিতে কেজিপ্রতি ১০ টাকা লাভ হয়। কিন্তু পাঁচ কেজি কাঁচামরিচ বিক্রি করে গাড়িভাড়া ও অন্যান্য খরচ বাদে দেড়শ থেকে ২০০ টাকার বেশি লাভ থাকে না। এতটুকু লাভ না করলে কীভাবে চলব?
