সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্রাজিলের আমাজনের গভীর অরণ্য থেকে বেরিয়ে আসা একদল আদিবাসীর ভিডিও। ভিডিওতে দেখা যায়, হাতে শিকারের বর্শা নিয়ে একদল মানুষ একটি সরকারি চৌকিতে হাজির হয়েছেন।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, তারা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগহীন আওয়া জনগোষ্ঠীর সদস্য। খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে আসা এই দলে ছিল ২০ থেকে ৩০ জন নারী-পুরুষ ও শিশু। তাদের এমন উপস্থিতি বিস্মিত করেছে নৃবিজ্ঞানীদের। একই সঙ্গে বন ধ্বংস ও নানা হুমকির মুখে তাদের জীবন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আমাজনের পূর্ব প্রান্তে অবস্থিত আরারিবোইয়া অঞ্চলের চারপাশে গবাদিপশুর খামার গড়ে তুলতে ব্যাপকভাবে বন উজাড় করা হয়েছে। তবে এখনো সেখানে বিস্তীর্ণ বনাঞ্চল টিকে আছে। প্রায় ১০ হাজার মানুষের বসবাস এই এলাকায়। এখানে তিনটি আদিবাসী জনগোষ্ঠী আছে। তাদের মধ্যে কিছু মানুষ বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। আওয়া তাদেরই একটি জনগোষ্ঠী।
প্রতিবেদনে বলা হয়, শিকারের বর্শা, গলায় মালা এবং পরনে ঐতিহ্যবাহী পোশাক পরে বনের বাইরে আসা আদিবাসীরা কন্দজাতীয় খাবার চান। খাবার পাওয়ার পর আবার বনের ভেতরে চলে যান।
ঘটনার সময় সেখানে থাকা গুয়াজাজারা আদিবাসী জনগোষ্ঠীর এক ব্যক্তি ভিডিও ধারণ করেন।
নিজের পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি ওয়াশিংটন পোস্টকে জানান, এত মানুষের একসঙ্গে উপস্থিতি তাকে বিস্মিত করেছে। তাদের অসহায় অবস্থা নিয়ে উদ্বিগ্ন।
নৃবিজ্ঞানীদের কাছে ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর কয়েকজন সদস্যকে বনের বাইরে দেখা গেলেও একসঙ্গে এত মানুষকে দেখা যায়নি। বিশেষ করে শিশুদের উপস্থিতি ভাবনার বিষয়।
সাও পাওলো ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উয়িরা গার্সিয়া আওয়া জনগোষ্ঠী নিয়ে গবেষণা করেছেন। তার মতে, দক্ষিণ আমেরিকা ও আমাজনের আদিবাসীদের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আওয়াদের জীবন, স্বাস্থ্য ও নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য। বাইরের মানুষের সঙ্গে সম্পর্ক গড়বে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাদের আছে।
ব্রাজিলে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগহীন ১১০টির বেশি আদিবাসী জনগোষ্ঠী আছে। তাদের বেশির ভাগই আমাজনের দুর্গম বনাঞ্চলে বসবাস করে। কিন্তু আরারিবোইয়া অঞ্চলে অবৈধ গাছ কাটা, বন্য প্রাণী শিকার ও জমি দখলের ঘটনা বাড়ছে। ২০২৪ সালে সরকারি তথ্য অনুযায়ী, এই অঞ্চলের ৭০ শতাংশের বেশি বন আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
এসব হুমকি মোকাবিলায় গুয়াজাজারা জনগোষ্ঠীর কয়েকজন সদস্য ‘ফরেস্ট গার্ডিয়ানস’ বা বনরক্ষী দল গঠন করেছেন। তারা অস্ত্র হাতে বনে টহল দেন। বন রক্ষা করতে গিয়ে তাদের কয়েকজন নিহতও হয়েছেন।
আওয়া সদস্যরা কেন খাবার চাইতে বন থেকে বেরিয়ে এসেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তারা ক্ষুধার কারণে এসেছেন, নাকি অন্য কোনো সমস্যায় পড়েছেন, তা নিয়ে উদ্বিগ্ন গবেষকেরা। আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনালের সারাহ শেনকারের আশঙ্কা, বনের ভেতরে তাদের জীবনযাপনে বড় কোনো সমস্যা তৈরি হয়েছে।
আওয়াদের জীবন মূলত শিকার ও বন থেকে খাবার সংগ্রহের ওপর নির্ভরশীল। তাই বন উজাড়, দাবানল, খরা ও জমি দখলের মতো ঘটনা তাদের টিকে থাকার জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
সম্প্রতি নাসার আর্থ অবজারভেটরিও সতর্ক করেছে, এল নিনোর প্রভাবে সৃষ্ট খরায় আমাজন বন দাবানলের ঝুঁকিতে আছে। এমন পরিস্থিতিতে বনরক্ষীরা জানিয়েছেন, তারা আওয়া ও গুয়াজাজারা জনগোষ্ঠীর নিরাপত্তা এবং বন রক্ষায় কাজ চালিয়ে যাবেন। কারণ, বন বাঁচলেই টিকে থাকবে এই জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি।
