নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদনকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত ছিল, তা করেননি। তিনি ফিরে আসবেন না, এগুলো তার রাজনৈতিক স্টান্টবাজি।’
তিনি আরও বলেন, ‘আপাতত আমার মন্তব্য হলো, তিনি ফিরে আসবেন না। কেন তিনি আসতে চান না বা কেন এগুলো রাজনৈতিক স্টান্টবাজি, তা আইনগত অবস্থান ব্যাখ্যা করে আগামীকাল আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাব।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে চিঠি পাঠান। ২০২৪ সালে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।
রয়টার্সকে হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
২০২৫ সালের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে নির্বাসনে থাকা হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
