Sunday, October 4, 2026
Homeবাংলাদেশসেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, এক-তৃতীয়াংশই মোটরসাইকেলে

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, এক-তৃতীয়াংশই মোটরসাইকেলে

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন বলে রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে। সে হিসাবে, প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৪ জন।

আজ রোববার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব দুর্ঘটনার মধ্যে ১৫৪টি মোটরসাইকেল সংশ্লিষ্ট এবং এতে নিহত হয়েছেন ১৩৯ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

এতে বলা হয়েছে, একই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৭ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন এবং ২৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু এবং ৬ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে নারী ৭৩ জন ও শিশু ৬১। এসব দুর্ঘটনায় ১০৬ জন পথচারী, ৫৩ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন।

পরিসংখ্যানে বলা হয়েছে, এসব দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ২৯ দশমিক ৮৬ শতাংশ, রাজশাহী বিভাগে ১২ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৭ দশমিক ৮৭ শতাংশ, খুলনা বিভাগে ১৭ দশমিক ৪২ শতাংশ, বরিশাল বিভাগে ৫ দশমিক ২০ শতাংশ, সিলেট বিভাগে ৪ দশমিক ৫২ শতাংশ, রংপুর বিভাগে ৫ দশমিক ৬৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৭ দশমিক ২৩ শতাংশ ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন এবং সিলেট বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে গাজীপুরে সবচেয়ে বেশি ৩৮ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে ত্রুটিপূর্ণ যানবাহন; ত্রুটিপূর্ণ সড়ক; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএ-র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির কথা উল্লেখ করেছে সংগঠনটি।

Most Popular