Sunday, October 4, 2026
Homeবাংলাদেশচাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ রোববার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নেয়ামুল হালিম খান জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে খিলক্ষেত থেকে এসআরবি-১-এর একটি দল শাহিনুর আলমকে গ্রেপ্তার করে।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘শাহিনুর তালিকাভুক্ত চাঁদাবাজ। গ্রেপ্তারের পর ইতোমধ্যে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশের নথি অনুযায়ী, শাহিনুর ও সহযোগীরা খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনা ও আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজগুলো থেকে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।

নথিতে বলা হয়েছে, ওই এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫টি অটোরিকশার গ্যারেজ রয়েছে, যেখানে এক হাজারের বেশি যানবাহন রাখা হয়।

পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে, ওই চক্রটি প্রতিটি অটোরিকশা থেকে মাসে ৬০০ টাকা করে চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল বলেন, গ্যারেজগুলো থেকে চাঁদা আদায়ের সঙ্গে শাহিনুরের জড়িত থাকার অভিযোগের বিষয়ে এসআরবির কাছে তথ্য ছিল।

Most Popular