পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় ধরনের রদবদলের গুঞ্জনের মধ্যে আলোচনায় এসেছেন শোয়েব আখতার। দেশটির সাবেক গতিতারকাকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে, এমন খবর ছড়িয়ে পড়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যমে। কিন্তু ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ জানিয়ে দিয়েছেন, পিসিবির কোনো দায়িত্ব নেওয়ারই আগ্রহ নেই তার। আর এর পেছনে বহু বছর আগের মায়ের দেওয়া একটি পরামর্শও এখনও মেনে চলছেন তিনি।
শোয়েবের ভাষ্য অনুযায়ী, তার মা তাকে পিসিবি এবং পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই কথাই এখনও মনে রেখেছেন সাবেক এই পেসার। পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে তাকে যখন প্রধান নির্বাচক হওয়ার চলমান গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়, তখন শোয়েব বলেন, ‘এমন কিছুই নেই। যা বলা হচ্ছে, সবই অনুমাননির্ভর। আমি আমার বক্তব্যের ওপরই আছি। আমার মা আমাকে পিসিবি থেকে দূরে থাকতে বলেছিলেন এবং সেই পরামর্শই মেনে চলব।’
শুধু মায়ের পরামর্শের কথা বলেই থামেননি শোয়েব, পিসিবির সঙ্গে যুক্ত হওয়ার খবরকেও সরাসরি ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এসব দাবির কোনো সত্যতা নেই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমি মোটেও আগ্রহী নই। আমি আমার বক্তব্যের ওপরই অটল আছি। প্রধান নির্বাচক হওয়ার খবর আমিও শুনছি। কিন্তু এসব পুরোপুরি ভুয়া, এর কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের উন্নতি চাই।’
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের ৩-০ ব্যবধানে হারের পর থেকেই দেশটির ক্রিকেটে পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। কোচিং স্টাফ ও নির্বাচক কমিটিতে রদবদলের গুঞ্জনের মধ্যেই শোয়েবকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর ছড়ায়। তবে সেই সম্ভাবনা নিজেই নাকচ করে দিলেন পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলা সাবেক এই তারকা।
শোয়েব আরও জানান, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে এ বিষয়ে তার কোনো আলোচনাই হয়নি। বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রের হিউস্টনে রয়েছেন তিনি। ফলে বোর্ডের কোনো পদে যোগ দেওয়ার বিষয়ে তার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে, এমন দাবিও তিনি সমর্থন করেননি।
তবে পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করার ইচ্ছা যে তার নেই, তা নয়। বরং বোর্ডের আনুষ্ঠানিক পদে না থেকেও দেশের ক্রিকেটের পাশে থাকার অনেক সুযোগ আছে বলে মনে করেন শোয়েব, ‘আমি পাকিস্তান ক্রিকেটকে সেবা করতে চাই। তবে আমি মনে করি, অন্য অনেকভাবেই সেটা করা সম্ভব। এর জন্য আনুষ্ঠানিকভাবে পিসিবির সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।’
এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জাতীয় দলের বর্তমান অবস্থা এবং কীভাবে দলের ভাগ্য বদলানো যায়, তা নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে শোয়েবের বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে দুজনের সম্পর্কেরও উন্নতি হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
