Saturday, October 3, 2026
Homeবাংলাদেশনোয়াখালীতে ৭ দিনের অভিযানে আটক ৬৮১, আদালতে সোপর্দ ৪৮

নোয়াখালীতে ৭ দিনের অভিযানে আটক ৬৮১, আদালতে সোপর্দ ৪৮

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর থেকে আজ শনিবার পর্যন্ত ৭ দিনে এ অভিযানে জেলায় মোট ৬৮১ জনকে আটক করা হয়েছে।

আজ সন্ধ্যায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৮ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, ৬৩৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযানে আটক বা গ্রেপ্তার হওয়া কারো রাজনৈতিক পরিচয় জানায়নি পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বলেন, ‘কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানের বিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার শ্যামল পাল জানান, নিয়ম অনুযায়ী আটক কিশোরদের বিষয়ে তাদের জানানো হয়েছে।

Most Popular