Friday, October 2, 2026
Homeবাংলাদেশ‘তদন্তের আগেই মামলা’: আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

‘তদন্তের আগেই মামলা’: আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানান।

তিনি বলেন, ওমরা পালন শেষে গতকাল দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আখতারুজ্জামান অন্য যাত্রীদের মতোই নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।

পরওয়ার বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশও জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত করা হবে।

‘অথচ তদন্তের আগেই গতকাল রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয় এবং সেই মামলায় আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়’, তিনি বলেন।

আখতারুজ্জামানকে বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরওয়ার বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ও অন্যান্য সেবায় অব্যবস্থাপনা এবং যাত্রী হয়রানি নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে।

অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তির কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আখতারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একইসঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Most Popular