Thursday, October 1, 2026
Homeবিদেশফ্লাইদুবাই উড়োজাহাজের ককপিটের ঘটনা নিয়ে যা বললেন নেতানিয়াহু

ফ্লাইদুবাই উড়োজাহাজের ককপিটের ঘটনা নিয়ে যা বললেন নেতানিয়াহু

ইসরায়েলগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজের পাইলটকে ছুরিকাঘাত করা সহকারী পাইলটের উদ্দেশ্য ও পরিচয় নিয়ে এখনো সব প্রশ্নের জবাব পাওয়া যায়নি।

ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, ১৭০ জনের বেশি আরোহী থাকা উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন ওই সহকারী পাইলট।

এই ঘটনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামলাকারীকে সৌদি আরবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উড়োজাহাজটি দেশটির তাবুক বিমানবন্দরে অবতরণ করেছিল। হামলাকারীকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে বলে তিনি মনে করছেন। 

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমরা এই তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং সম্ভবত এতে অংশও নেব।’

এ ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে কি না, জানতে চাইলে নেতানিয়াহু বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।

তিনি বলেন, ‘আমরা এই হামলাকারীর প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করব। তার সহযোগী ছিল কি না, এর পেছনে ইরান ছিল কি না, সবই খতিয়ে দেখা হবে। আমার মনে হয়, খুব শিগগিরই আমরা জানতে পারব।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেছিলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, সহকারী পাইলটের উদ্দেশ্য ছিল উড়োজাহাজটি বিধ্বস্ত করা। তিনি ওই ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেন। তবে নেতানিয়াহু ঘটনাটিকে কেবল ‘গুরুতর নিরাপত্তা পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন।

তবে এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

বুধবার ইসরায়েলের এক কর্মকর্তা হামলাকারী সহকারী পাইলটকে ওমানের নাগরিক হিসেবে শনাক্ত করেন।

এ বিষয়ে ওমানের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। হামলার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে সংযুক্ত আরব আমিরাত। 

বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ওই উড়োজাহাজের সহকারী পাইলট প্রধান পাইলটকে ছুরিকাঘাত করেন। এরপর তিনি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। তখন যাত্রীরা ওই সহকারী পাইলটকে আটকে ফেলেন। পরে উড়োজাহাজে থাকা বিকল্প ক্রু সদস্যরা সেটিকে সৌদি আরবে অবতরণ করান।

Most Popular