Thursday, October 1, 2026
Homeখেলারোহিতের আজব উদযাপনে গিবসের ফোড়ন: ‘ওটা ঠিক কী ছিল!’

রোহিতের আজব উদযাপনে গিবসের ফোড়ন: ‘ওটা ঠিক কী ছিল!’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারশ ছাড়ানো রান তাড়া করতে নেমে ভারতের জয়টা যেমন ছিল দুর্দান্ত, তেমনি আলোচনা তৈরি করেছে রোহিত শর্মার সেঞ্চুরি উদযাপনের ভঙ্গি। গুয়াহাটির ব্যাটিং স্বর্গে আটশ-র বেশি রান ওঠা ম্যাচে ভারতের এই সাবেক অধিনায়ক নিজের ৩৫তম ওডিআই সেঞ্চুরি তুলে নেন। শুভমান গিলের সঙ্গে উদ্বোধনী জুটিতে ২৫৫ রান যোগ করে দলকে এনে দেন এক ইতিহাস গড়া জয়।

Gonna message Rohit and tell him his 100 celebration was a stinker what was that !

— Herschelle Gibbs (@hershybru) September 30, 2026

তবে ১০১ রানের ইনিংসটির চেয়েও বেশি শোরগোল ফেলেছে সেঞ্চুরি ছোঁয়ার পর রোহিতের প্রতিক্রিয়া। নিজের তিন অঙ্কের কোটায় পৌঁছানোর সিঙ্গেলটি নেওয়ার পর কেমন যেন লাফাতে লাফাতে নন-স্ট্রাইকার প্রান্তের দিকে ছোটেন তিনি। সচরাচর মাইলফলক ছুঁয়ে শান্ত-সমাহিত থাকা রোহিতের কাছ থেকে এমন দৃশ্য দেখা বেশ অস্বাভাবিকই।

রোহিত নিজে এই বিশেষ উদযাপনের পেছনের কারণ গোপন রাখলেও দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবসের কাছে বিষয়টি মোটেও জমেনি। সাবেক এই প্রোটিয়া তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ রসিকতার সুরে লেখেন, ‘রোহিতকে বার্তা পাঠিয়ে বলতে হবে ওর সেঞ্চুরির উদযাপনটা এক কথায় বাজে ছিল। ওটা আসলে কী ছিল!’

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শতকের পর শেষ তিন ম্যাচে এটি রোহিতের দ্বিতীয় সেঞ্চুরি। নিজের ভবিষ্যৎ নিয়ে নানা চর্চার মুখে ৩৯ বছর বয়সী এই ওপেনার গুয়াহাটিতে অভিজ্ঞতার ঝুলি থেকে সেরাটাই বের করে আনেন। ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড়ে চাপা পড়া দলকে গিলের সঙ্গে হাত ধরে জয়ের পথ দেখান তিনি।

নিজের ইনিংস নিয়ে রোহিত বলেন, ‘উইকেট খুব ভালো ছিল, আমাদের লক্ষ্য ছিল স্বাভাবিক ব্যাটিং চালিয়ে যাওয়া। এত বড় রান তাড়া করতে নামলে বিশাল জুটি গড়ে তোলাটা সবচেয়ে জরুরি। গিল অন্য প্রান্তে দারুণ খেলেছে। আর এই ধরনের কন্ডিশনে অভিজ্ঞতাই মূল অস্ত্র। নিজেকে শুধু একটাই কথা বলেছি—যেকোনো মূল্যে উইকেটে টিকে থাকতে হবে, কোনোভাবেই খামখেয়ালি করে আউট হওয়া চলবে না।’
 

Most Popular